এবার ম্যাচ সেরা সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে সাকিব আল হাসানের দল বারবাডোস ট্রাইডেন্টস। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরস্কারটাও উঠেছে সাকিবের হাতে। প্রথমে ব্যাট করে জয়ের জন্য অ্যান্টিগুয়া হকবিলসকে ১৪৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল বারবাডোস। জয়ের জন্য স্কোরটা খুব একটা বড় না হলেও দারুণ কৃপণ বোলিং করে প্রতিপক্ষকে ১৩৪ রানের মধ্যেই আটকে রাখেন সাকিব। ৪ ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ১৬ রান। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের গুরুত্বপূর্ণ উইকেটটাও তুলে নিয়েছেন এই বামহাতি স্পিনার। সাকিবের পাশাপাশি বারবাডোসের ১২ রানের জয়টির পেছনে বড় ভূমিকা ছিল তরুণ স্পিনার অ্যাশলে নার্সেরও। রান কিছুটা বেশি দিলেও চারটি উইকেট তুলে নিয়ে অ্যান্টিগুয়াকে দাঁড়াতে দেননি এই ডানহাতি অফস্পিনার।— ক্রিকইনফো