এবার ম্যানইউর ড্র
প্রিমিয়ার লিগের শিরোপাটা এবার ম্যানচেস্টার ইউনাইটেডের শোকেসে দেখছেন অনেকেই। কিন্তু পরশু নিউক্যাসলের সঙ্গে ড্র করায় শিরোপার দিকে ধাবমান ম্যানইউর গতিটা একটু যেন ধীর হয়ে গেল।৩৩ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৭০, ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭ বলেই হয়তো নিউক্যাসলের সঙ্গে ড্র ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনের জন্য বড় উদ্বেগের কারণ নয়। তবে ‘রেড ডেভিল’দের এ ম্যাচে জ্বলে উঠতে না পারার কারণ ঠিকই খুঁজে বের করেছেন ম্যানইউ কোচ। ফার্গুসনের ধারণা, ম্যানচেস্টার সিটির কাছে কাপ সেমিফাইনালে হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি তাঁর খেলোয়াড়েরা।এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। তবে যেটা খালি চোখেই দেখা যায়, ম্যানইউর জিততে না পারার সেই কারণটি ওয়েইন রুনি, রায়ান গিগস ও হাভিয়ের হার্নান্দেজের গোল মিসের মহড়া। ম্যাচের প্রথম দিকে নিউক্যাসল ভালো খেললেও নিয়ন্ত্রণটা পরে উঠে যায় ম্যানইউর হাতেই। কিন্তু একের পর এক মিসে নিজেদের দুর্ভাগ্য নিজেরাই টেনে এনেছে ম্যানইউর আক্রমণ ভাগ।ফার্গুসন অবশ্য রেফারির একটি সিদ্ধান্তে হতাশও। শেষ মুহূর্তে হাভিয়ের হার্নান্দেজ বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন। নিউক্যাসলের ড্যানি সিম্পসনের বিপক্ষে ফাউলের আবেদন করে ম্যানইউ। রেফারি ফাউল না দিয়ে উল্টো ডাইভিংয়ের অপরাধে হলুদ কার্ড দেখান ম্যানইউর মেক্সিকান স্ট্রাইকারকে। ফার্গুসন বিষয়টি মেনে নিতে পারেননি, ‘এটা স্পষ্ট পেনাল্টি ছিল। রেফারি যে হার্নান্দেজকে হলুদ কার্ড দেখালেন, এটা একটা অপমান। পুরো ম্যাচে দারুণ রেফারিং করে শেষে নিজেকেই নিজে নিচে নামিয়ে ফেললেন রেফারি।’ রয়টার্স।