এবার যদি কিছু হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর মার্চে স্পেনের অ্যালেক্স কোরেতজার সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে একগুচ্ছ কোচের সঙ্গে কাজ করতে হয়েছে অ্যান্ডি মারেকে। স্থায়ী কাউকে কোচ হিসেবে চাইছিলেন এই স্কট টেনিস তারকা। অবশেষে তাঁর কোচ অনুসন্ধান পর্ব শেষ হলো। আটটি গ্র্যান্ড স্লাম জয়ী সাবেক চেক তারকা ইভান লেন্ডলকে কোচ নিয়োগ করেছেন তিনি। এ মাসের অস্ট্রেলিয়ান ওপেনের জন্যই মারের সঙ্গে কাজে লেগে পড়বেন সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা। এবার যদি মারের ভাগ্যে গ্র্যান্ড স্লামের শিকে ছেঁড়ে, ব্রিটিশদের প্রায় শতাব্দী-দীর্ঘ গ্র্যান্ড স্লাম জয়ের হতাশা যদি ঘোচে! মারে খুব আশাবাদী, ‘নতুন ব্যক্তি নতুন অন্তর্দৃষ্টি নিয়ে আমার দলে যোগ দেবেন, এটাই আমার কাছে গুরুত্ব পেয়েছে বেশি। আর এই খেলাটিতে ইভানের (লেন্ডল) প্রভাব অনস্বীকার্য, বড় টুর্নামেন্টের জন্য যে অভিজ্ঞতা ও জ্ঞান তিনি কাজে লাগাতে পারবেন, তা খুব কম লোকেরই আছে।’ কথাটা মিথ্যে নয়, ৫১ বছর বয়সী ইভান লেন্ডলের শোকেসে আছে তিনটি করে ফ্রেঞ্চ ও ইউএস ওপেন ও দুটি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। তাঁর একমাত্র হতাশা দুবার উইম্বলডনের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা। বিশ্ব টেনিসের চার নম্বর তারকার সঙ্গে কাজ করতে লেন্ডলও রোমাঞ্চিত বোধ করছেন। তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও শিরোপা হাতে নিতে পারেননি মারে। তাঁর হাতে অধরা গ্র্যান্ড স্লাম তুলে দেওয়াটাই লেন্ডলের লক্ষ্য, ‘সে (মারে) অনন্য এক প্রতিভা এবং তার লক্ষ্য অর্জনে সহায়তা করাই হবে আমার কাজ।’ লেন্ডলের সঙ্গে রসায়নে এবার যদি মারের কিছু হয়! রয়টার্স।