এবার যাচ্ছেন মাইক হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তারকা ক্রিকেটারদের অবসর ঘোষণার হিড়িক পড়ে গেছে। এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থ টেস্টে বিদায় বলে দিয়েছেন রিকি পন্টিং। কদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার। বিদায়ের এই মিছিলে শিগগিরই যোগ হতে যাচ্ছে মাইক হাসির নাম। শ্রীলঙ্কার সঙ্গে সামনের সিডনি টেস্টটাই তাঁর শেষ টেস্ট বলে কাল জানিয়ে দিয়েছেন হাসি ভাইদের বড়জন। গতকাল আচমকাই বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন ৩৮ ছঁই-ছুঁই এই বাঁহাতি ব্যাটসম্যান। ঘোষণা অনুযায়ী, ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিডনি টেস্টের পর শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ খেলেই হাসি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ওয়ারিয়র্স ও সিডনি স্কর্চার্সের হয়ে ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাবেন বটে, তবে মৌসুম শেষে ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্য পর্যালোচনা করে দেখবেন।বিদায়ের আগাম ঘোষণা দিয়ে চ্যানেল নাইনকে হাসি বলেছেন, ‘আজ (কাল) সকালে যখন তাদের (পরিবারের সদস্যদের) বললাম, অস্ট্রেলিয়ার হয়ে আর খেলছি না, আমি কিছুটা উত্তেজিত ছিলাম। তাদের খুশিই দেখাল, কিন্তু যতটা ভেবেছিলাম, ততটা উত্তেজিত তারা ছিল না। কাজেই একটু ধাক্কাই খেলাম।’হাসি যাত্রাই শুরু করেছিলেন অন্যদের যে বয়সে শেষের শুরু। ২০০৪ সালে ওয়ানডে অভিষেক, ২৯ বছর বয়সে। ২০০৫ সালে ৩০ বছর বয়সে টেস্ট অভিষেক। সেই হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এক দশকও হয়নি। কিন্তু সামর্থ্য আর বিচক্ষণতা দিয়ে হাসি এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ৭৮ টেস্টে ৫১.৫২ গড়ে করেছেন ৬১৮৩ রান, সেঞ্চুরি ১৯টি। ১৮৫টি ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ৫৪৪২ রান, গড় ৪৮.১৫! এর মধ্যে ম্যাচ জেতানো ইনিংস আছে অনেকই। এমনিতেই তাঁর আরেকটা নাম মি. ক্রিকেট হয়নি!হাসি নিজেই বলছেন, বুক চিতিয়ে লড়াই করা ওই ইনিংসগুলো তাঁর অবসরজীবনের পাথেয় হয়ে থাকবে, ‘যখন শেষ হবে, পেছনের কথা ভাবব, সত্যিই ভেসে উঠবে কিছু চমৎকার স্মৃতি এবং অস্ট্রেলিয়ার অসাধারণ কিছু জয়।’পন্টিং ও হাসি—দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে একসঙ্গে হারানোটা অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারকে একটা বড় পরীক্ষার সামনেই ফেলবে। সামনেই ভারত সফর ও তারপর অ্যাশেজ মাইকেল ক্লার্কের দলের জন্য নিশ্চয়ই বড় চ্যালেঞ্জ। ওয়েবসাইট।