এবার যুবরাজের ৫ উইকেট
অ্যালিস্টার কুক নিজের ইনিংসটাকে আরও বড় করতে পারেননি (১১৯)। তবে প্রত্যাশিত সেঞ্চুরিটা পেয়েছেন সামিত প্যাটেল (১০৪)। ঝোড়ো ফিফটি করেছেন ম্যাট প্রায়র (৫২ বলে ৫১), রান পেয়েছেন টিম ব্রেসনানও (৩৩*)। ৪২৬ রান তুলে প্রথম ইনিংসে ৫৭ রানের লিডও পেয়েছিল ইংল্যান্ড। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচটি তবু খানিকটা শঙ্কাতেই ফেলবে কুককে। খণ্ডকালীন স্পিনার যুবরাজ সিংই যে নিয়েছেন ৫ উইকেট!দিলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরির পর এই তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসে স্বচ্ছন্দ ফিফটি, এরপর বল হাতে ৫ উইকেট (৫/৯৪)। টেস্ট দলে ফেরার জোর দাবি জানিয়ে রাখলেন ক্যানসারজয়ী অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে অবশ্য রান পাননি যুবরাজ (১৪), থিতু হয়েও বড় কিছু করতে পারেননি মুরালি বিজয় (৩২)। তবে প্রথম ইনিংসে ব্যর্থ অভিনব মুকুন্দ করেছেন ৫৪। ১৯ রানে অপরাজিত ছিলেন সুরেশ রায়না, ২ রানে মনোজ তিওয়ারি। ভারত ‘এ’ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৪ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। ওয়েবসাইট।