এবার যুবাদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়রা সিরিজ খেলল গত মাসেই। এবার ছোটদের পালা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ আর পাঁচটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল এখন বাংলাদেশে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চার দিনের ম্যাচ দিয়ে আজই শুরু হয়ে যাচ্ছে সিরিজ।সিরিজ শুরুর সংবাদ সম্মেলনে কাল দুই দলের অধিনায়ককে নিয়ে এসেছিলেন দুই দলের ম্যানেজার জালাল আহমেদ চৌধুরী ও লে. কর্নেল শিরান আভিসেকারা। মাঠের খেলার মতো সংবাদ সম্মেলনেও এখনো অতটা পরিণত হয়ে ওঠেননি অধিনায়কেরা। হয়তো এ কারণেই বেশির ভাগ প্রশ্নের উত্তর দিলেন ম্যানেজাররাই।তবে যতটুকু বলেছেন, তাতে দুই অধিনায়কই জানিয়ে দিলেন, এই সিরিজ তাঁদের কাছে আগামী বিশ্বকাপের প্রস্তুতি। ম্যানেজারকে দোভাষী বানিয়ে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ অধিনায়ক কুশল মেন্ডিস বললেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলার পর বিশ্বকাপের আগে আমরা আরও কয়েকটা সিরিজ খেলব। এসব সিরিজ আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’ বাংলাদেশ যুবদলের অধিনায়ক মোসাদ্দেক হোসেনের (সৈকত) সুরেও অভিন্নতা, ‘আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। বিশ্বকাপের আগে আমরা বড় দলের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য।’ আগামী বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।দুই দলের অধিনায়কের মধ্যে মিল আছে আরেকটা। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর দুই দলই আমুল বদলে গেলেও সেই দলের প্রতিনিধি হিসেবে এখনো নিজ নিজ দলে আছেন কেবল কুশল আর মোসাদ্দেক। তথ্যটা জানিয়ে বাংলাদেশ যুবদলের ম্যানেজার জালাল আহমেদ চৌধুরী বললেন, ‘আমাদের দলটা একদমই নতুন। এই সিরিজ আমাদের বিশ্বকাপের দল গঠনে সাহায্য করবে।’