এবার রণকৌশল বদলাবেন কোচ
দুপুরে ফুরফুরে মেজাজে হাঁটছিলেন হোটেল লবিতে। কী যেন মুখে দিয়ে চিবোচ্ছিলেন। তাঁর তো স্বতঃস্ফূর্তভাবেই কথা বলার কথা। কিন্তু লবির সোফায় গা এলিয়ে দিয়ে একটু ভ্যাবাচেকাই খাইয়ে বললেন, ‘আমি আজ ক্লান্ত!’পরে বোঝা গেল, এটা রসিকতা। নিকোলা ইলিয়েভস্কি বললেন, ‘ম্যাচের সময় আমি খেলোয়াড়দের প্রচুর নির্দেশনা দিয়েছি। ক্লান্ত হয়ে পড়েছি। ম্যাচের সময় সারাক্ষণ মনোযোগ রাখতে হয়েছে। এটা খুব কঠিন।’পরশু জয় দিয়েই বাংলাদেশ-অধ্যায় শুরু হলো নতুন কোচের। পাকিস্তানের বিপক্ষে ৩-০ জয়ের পর মাঠেই বলেছিলেন, এই জয় তাঁর কাছে বিস্ময়কর। কালও বললেন, ‘আমি খানিকটা অবাক হয়েছি। এটা খুব ভালো ফল। ম্যাচের আগে খেলোয়াড়দের বলেছি, সবাই একসঙ্গে খেলবে। ম্যাচের আগে আমি খেলোয়াড়দের মান সম্পর্কে মাত্র ১০ ভাগ ধারণা পেয়েছিলাম। ম্যাচের পর পেয়েছি ৩৫-৪০ ভাগ।’আগের সন্ধ্যায় মাঠ থেকে হোটেলে ফিরেই ছেলের জন্মদিনের কেক কেটেছেন। সুদূর মেসিডোনিয়ায় ফোন করেছেন ছেলেকে। সেটি নিয়ে গল্প করার ফাঁকেই মেসিডোনিয়া থেকে ফোন এলো। বললেন, ‘এক সাংবাদিক, এখানকার খোঁজখবর নিল।’পরশুর ম্যাচ প্রসঙ্গ এল আবার। এবার কোচ বললেন, ‘ম্যাচে আমাদের রানিং ভালো ছিল। একসঙ্গে ওঠা-নামা করেছে ছেলেরা। এটা দলের জন্য ভালো দিক।’লাহোরে ফিরতি ম্যাচ নিয়ে কতটা আত্মবিশ্বাসী? ‘ম্যাচটা খুবই আত্মবিশ্বাস দিয়েছে। আমরা আরেকটা অবশ্যই পেতে পারতাম। পরের রাউন্ডের জন্য এটা খুব জরুরি ছিল। ফিরতি ম্যাচের কৌশলে একটু পরিবর্তন আনব’—লাহোরে রওনা দেওয়ার আগে বলে গেলেন বাংলাদেশকে স্বপ্ন দেখানো নতুন কোচ।