এবার রাজি পাকিস্তানও
এই কিছুদিন আগেও সুরটা অন্য রকম ছিল পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি নাজাম শেঠি সুরটা বদলে ফেললেন দুবাইয়ে আইসিসির সভায় গিয়ে। ‘বিগ থ্রি’র আইসিসি সংস্কার প্রস্তাবে এখন আর তাঁদের আপত্তি নেই। আপাতত শর্ত সাপেক্ষে সম্মতি দিয়েছেন, জুনে আইসিসির সভায় অন্য ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পিসিবিও সই করবে পুনর্গঠন প্রস্তাবে।
সেই শর্ত এবং রাজি হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পিসিবি সভাপতি, ‘আমরা বিশ্ব ক্রিকেটে একঘরে হয়ে যাচ্ছিলাম। দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আমাদের। তবে আগামী আট বছরে ভারতসহ সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ খেলার লিখিত নিশ্চয়তা সাপেক্ষে আমরা প্রস্তাবে সম্মতি জানাতে রাজি হয়েছি। এ থেকে আমাদের প্রায় ৩০০ কোটি রুপি আয় হবে।’
দুবাইয়ে সভা থেকে পাকিস্তান ক্রিকেটের জন্য আরও একটা সুসংবাদ নিয়ে গেছেন শেঠি। পেসার মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞা নাকি এক বছর শিথিল করার আশ্বাস দিয়েছে আইসিসি। যদি সেটা হয় তাহলে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পাওয়া আমির ওই এক বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে পারবেন। ওয়েবসাইট।