এবার রাহুলকে নিয়ে বিতর্কে চ্যাপেল
দীর্ঘদিন ভারতের ব্যাটিং অর্ডারে একটা স্তম্ভ হিসেবে খেলেছেন রাহুল দ্রাবিড়। মাঝে কিছুদিন অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন সম্প্রতি অবসর নেওয়া এই ডান-হাতি ব্যাটসম্যান। তবে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ খুব বেশি দিনের জন্য পাননি ‘মি. ওয়াল’। আর এর পেছনে দলের অন্য খেলোয়াড়দের অসহযোগিতাই প্রধান কারণ হিসেবে কাজ করেছে বলে সদ্য প্রকাশিত এক বইয়ে দাবি করেছেন ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল। অন্য ক্রিকেটারদের সমর্থন পেলে দ্রাবিড়ই ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক হতে পারতেন বলেও মন্তব্য করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। রাহুল দ্রাবিড়কে নিয়ে লেখা এ বইতে এমন কথা বলে ক্রিকেট অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।অধিনায়ক হিসেবে ভারতকে বেশ কিছু জয় এনে দিলেও রাহুল দ্রাবিড়ের এ সাফল্য দলের কিছু সদস্য ভালো মনে গ্রহণ করতে পারেননি বলে অভিযোগ করেছেন গ্রেগ চ্যাপেল। ‘রাহুল দ্রাবিড়- টাইমলেস স্টিল’ নামক সদ্য প্রকাশিত বইয়ে তিনি লিখেছেন, ‘দুঃখজনক ব্যাপার যে রাহুলের নেতৃত্বে দলের এই সাফল্য সবাই সমানভাবে গ্রহণ করেনি। কেউ কেউ এটাকে হুমকিস্বরূপ মনে করেছে এবং রাহুলের বিপক্ষে কাজ করেছে। দলের ভেতরে তিনি কখনোই সতীর্থদের পুরো সমর্থন পাননি। সে রকমটা হলে হয়তো ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসটা একটু অন্য রকমই হতো। আর রাহুল হয়ে যেতে পারতেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।’অধিনায়ক হিসেবে দ্রাবিড়ের পারফরমেন্স নিঃসন্দেহেই অনেক ভালো ছিল। ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে ২৫টি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন আটটিতে। হার ছয়টি ম্যাচে ও ড্র হয়েছিল ১১টি ম্যাচ। ৭৯টি এক দিনের ম্যাচের ৪২টিতেই অধিনায়ক রাহুল পেয়েছিলেন জয়ের স্বাদ। এর মধ্যে পরে ব্যাটিং করে টানা ১৭টি ম্যাচে জেতার বিশ্ব রেকর্ডও আছে ‘মি. ওয়ালের’ ঝুলিতে। তবে এত কিছুর পরেও অধিনায়ক হিসেবে যে রাহুল খুব বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি, তাতে কিছুটা হতাশাই জানিয়েছেন গ্রেগ চ্যাপেল।বাস্তবে ঘটনা আসলেও চ্যাপেলের বর্ণনার মতোই ঘটেছে কি না, সেটা এখনো নিশ্চিতভাবে বলার উপায় নেই। তবে ভারতের সাবেক এই কোচের নতুন এ বই যে অনেক বিতর্কেরই জন্ম দিয়েছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।—পিটিআই