এবার রিওতে চোখ বোল্টের

দেড় শ মিটারের পরেই আপনি বুঝতে পারবেন জিতছেন নাকি হারছেন। আমি একবার ফিরে তাকালাম এবং ওয়ারেনকে (উইয়্যার) দেখলাম। ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। অন্যপাশে তাকালাম, দেখি কেউ নেই।
নিজের মুখে আরও একবার ২০০ মিটার জয়ের গল্পটা শোনালেন উসাইন বোল্ট। কোচ নাকি দৌড় শুরুর আগেই বলে দিয়েছিলেন, সহজেই জেতা গেলে রেকর্ডের জন্য বেশি কষ্ট করার দরকার নেই! শেষ দিকে এসে উসাইন বোল্টের তাই গা-ছাড়া ভাব। তার পরও বছরের সেরা টাইমিং (১৯.৬৬ সে.), তার পরও ২০০ মিটারে আরও একবার সহজ জয়। চাইলেই হয়তো রেকর্ড গড়ে জিততে পারতেন। কিন্তু রেকর্ডের পেছনে না ছুটে শুধু শিরোপা জিতেই খুশি বোল্ট, ‘আমার কাছে জেতাটাই বড় কথা। আমি টাইমিং নিয়ে এত ভাবি না। যদি ২০ সেকেন্ড সময় নিয়েও ২০০ মিটার জিতি, তার পরও আমি খুশি। আমি নিজেকে কিংবদন্তি হিসেবে দেখতে চাই।’
উসাইন বোল্ট কি ইতিমধ্যেই সেটা হয়ে যাননি? ২০০ মিটারের পর ১০০ মিটার রিলের সোনা জিতে তিনি এখন কার্ল লুইস আর মাইকেল জনসনের পাশে। একই সঙ্গে ১০০ মিটার ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়া প্রথম অ্যাথলেটও তিনি। ইতিহাসের দ্রুততম মানব হিসেবে তাঁকে মেনে নিয়েছেন প্রায় সবাই। কিন্তু কী আশ্চর্য, বোল্ট এত কিছুর পরও অতৃপ্ত, ‘আমি সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হতে চাই। আমার পরবর্তী লক্ষ্য পরের অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটারে জয়। যেটা আগে কেউ করতে পারেনি।’
তার আগে কেউ পরপর দুই অলিম্পিকে ‘ডাবল’ (১০০ ও ২০০ মিটারে সোনা) জিততে পারেননি। ২০১৬ সালে রিও ডি জেনিরোতে যদি সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেন তাহলে বোল্ট হবেন পরপর তিন অলিম্পিকে ডাবলজয়ী ইতিহাসের প্রথম ও একমাত্র অ্যাথলেট। সামনের সপ্তাহে ২৭-এ পা দিচ্ছেন। ফলে সিপ্রন্টার হিসেবে বয়সটাও খুব বেশি হয়ে যাবে না। নিজের এই ফিটনেসটা কত দিন ধরে রাখতে পারেন এ নিয়েই তাঁর এখন যত ভাবনা, ‘আমার বয়স হচ্ছে। চোটের কারণে এই মৌসুমেও কয়েক সপ্তাহ বাইরে কাটিয়েছি। দ্রুত দৌড়ানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমার মূল লক্ষ্য তাই যতটা সম্ভব চোট থেকে দূরে থাকা।’
১০০ ও ২০০ মিটারের রাজা তো তিনি অনেক দিন ধরেই। সাবেক মার্কিন অ্যাথলেট মাইক পাওয়েলের মতো অনেকে পরামর্শ দিচ্ছেন সঙ্গে লং জাম্পটাও চেষ্টা করে দেখার। কিন্তু চোট থেকে দূরে থাকতে চান বলে আপাতত এই পরামর্শ মোটেই কানে তুলছেন না বোল্ট, ‘আমার লক্ষ্য রিও অলিম্পিক। লং জাম্প দিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারি না।’ এএফপি।