এবার রুপালি পর্দায় মেসি

মাঠে তো বল পায়ে অনেক ছোটালেন বিস্ময়ের ফোয়ারা। ফুটবল মাঠ পেরিয়ে এবার রুপালি পর্দাতেও এবার পৃথিবী দেখবে লিওনেল মেসি নামের এক বিস্ময়কে। মেসির কারিশমা দেখতে এখন শুধু যে মাঠের গ্যালারিতে গিয়ে বসতে হবে তা নয়, থিয়েটারে টিকিট কেটে পপকর্ন চিবুতে চিবুতেও দেখা যাবে মেসি ম্যাজিক।
না, রুপালি পর্দায় দেখা যাবে ঠিকই। তবে আর্জেন্টিনার দলনেতা কিন্তু অভিনেতা হয়ে যাননি। মেসিকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটির নামও ‘মেসি’। আর্জেন্টাইন মহাতারকার জীবন নিয়ে নির্মিত প্রামাণচিত্রের চিত্রনাট্য লিখেছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী হোর্হে ভালদানো। পরিচালকের চেয়ারে ছিলেন সপ্যানিশ পরিচালক অ্যালেক্স দি লা ইগলেসিয়া।
পুরো প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে রোজারিওর পথেঘাটে বল পায়ে দৌড়নো এক বালকের মহাতারকা হয়ে ওঠার গল্প। গ্রোথ হরমোন ঘাটতির সঙ্গে যুদ্ধ, বার্সেলোনার যুবদলের দিনগুলো, বার্সেলোনার মূল দলে স্থান করার লড়াই... এরপর ক্রমে ক্রমে এগিয়ে চলা সর্বকালের সেরা ফুটবলারের সিংহাসনের দিকে।
গত মঙ্গলবার সাও পাওলোর মাঠে জয়োত্সবে মাতলেন মেসি। একদিন পরেই রিওতে প্রদর্শিত হল প্রামাণ্যচিত্র ‘মেসি’। ছবির স্ক্রিপ্টে মেসির সাফল্যগাথায় বিশ্বকাপ জয়ের কোনো গল্প হয়তো নেই। কিন্তু বিশ্বকাপের নাটকীয় চিত্রনাট্যে মেসির বিশ্বকাপ জয়ের দৃশ্য লেখা আছে কিনা, তা কদিনের মাঝেই দেখতে পাবে ফুটবল বিশ্ব! সূত্র: এএফপি।