এবার রোনালদোর চাওয়া তিন নম্বর

কোনো ছবিতে সোনা রঙের সেই ট্রফিটা হাতে ধরে আছেন। আবার অনেক ছবিতে ট্রফিটা পাশে রেখে দাঁড়ানো। সাদা শার্টের ওপরে কালো স্যুট। কানে দুল, জেল মাখানো চুলে যত্নের ছাপ। কিন্তু সব ছবিতেই দারুণ ফিটফাট সেই মানুষটার গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা! কাঁদছেন ক্রিস্টিয়ানো রোনালদো!
গত দু-তিন দিনে সম্ভবত সারা বিশ্বের মানুষ সবচেয়ে বেশি দেখেছে এ ছবিগুলোই। টেলিভিশনে, ইউটিউবে ফিফা-ব্যালন ডি’অরের ট্রফি নিতে গিয়ে রোনালদোর সেই কান্নার ভিডিও ছড়িয়েছে ভাইরাসের মতো। চার বছর পর দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে এতটাই আবেগাপ্লুত। নিজের সঙ্গে আবেগে ভাসিয়েছেন অগুনতি ফুটবলপ্রেমীকেও।
উন্মাদনাটা স্বভাবতই সবচেয়ে বেশি মাদ্রিদ আর পর্তুগালের সংবাদমাধ্যমে। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কার প্রথম পাতার শিরোনাম, ‘ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত রোনালদো নাড়িয়ে দিলেন ফুটবল-বিশ্বকে।’ আরেক স্প্যানিশ দৈনিক এএস-এর শিরোনাম, ‘সেরা জনই জিতেছেন।’ পাশে ট্রফি হাতে রোনালদোর কান্নার ছবি ছাপিয়ে লেখা হয়েছে, ‘এ কান্না হিরণ্ময়।’
সত্যিই তো। চার বছর ধরে হাতের নাগালে এসেও অধরা থেকে যাওয়া এই স্বীকৃতিটা ভেতরে ভেতরে কতটা কাঙ্ক্ষিত ছিল, সেটা ওইভাবে না কাঁদলে কি বুঝত সারা পৃথিবী? ফুটবল-বিশ্বে যে তাঁর ভাবমূর্তি প্রচণ্ড অহংকারী, একরোখা একজন! পেলের হাত থেকে আরাধ্য ট্রফিটা নিয়ে সেই একজনই যেন হয়ে গেলেন ছোট্ট বাচ্চা। আবেগাপ্লুত এই রোনালদোকে দেখে ভেতরে ভেতরে কি কিছুটা অনুতাপে পুড়ছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার? বিচারকদের ভোটে যাঁকে সেরা বলে মেনে নিতে হচ্ছে কদিন আগে তাঁকেই তো তিনি অহংকারী হিসেবে কটাক্ষ করেছিলেন ‘কমান্ডার’ বলে।
এমন উচ্ছ্বাসের দিনে এসব ছোটখাটো ব্যাপার ভেবে আনন্দ মাটি করতে নেই। রোনালদোও সেটা করেননি সেদিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্লাব, জাতীয় দল, সতীর্থ পরিবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছেন। তবে পরে সংবাদ সম্মেলনে এসে খুলে দিয়েছেন মনের দুয়ার। কেন কেঁদেছিলেন—এমন প্রশ্ন শুনতে হয়েছে। কিছু কিছু প্রশ্নের জবাব হয় না, রোনালদোও সেই চেষ্টা করেননি। তবে এটুকু বলেছেন, প্রথম প্রেমে ব্যর্থ হয়েও নাকি এতটা কাঁদেননি! মঞ্চে প্লাতিনির হাততালি, তাঁর মধ্যে পুরস্কারটা নিলেন স্বয়ং পেলের হাত থেকে। পুরো ব্যাপারটাতেই যে নিজে অভিভূত হয়ে গিয়েছিলেন সেটাও স্বীকার করেছেন পরে, ‘ওঁরা সত্যিকারের কিংবদন্তি। ওঁদের থেকে ব্যালন ডি’অর পাওয়াটা দারুণ সম্মানের।’
আগের চারবার অনেক চেষ্টা করেও হেরে গিয়েছিলেন লিওনেল মেসির কাছে। সোমবার সেই মেসিকে সামনে রেখেই ট্রফিটা তুলে ধরেছেন নিজের হাতে। তবে উদার মনেই ফুটবল-সম্রাটের আসনটা রোনালদোকে ছেড়ে দিয়েছেন বার্সেলোনার জাদুকর, ‘আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সে যোগ্য বিজয়ী। এ নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আমাদের তিনজনেরই বছরটা দারুণ গেছে। তাই আমার কোনো অভিযোগ নেই, কোনো অজুহাতও নেই।’
কাতালান সংবাদমাধ্যম অবশ্য মেসির মতো এতটা উদার হতে পারেনি। রোনালদোর প্রশংসায় বেশ কৃপণ বার্সেলোনার দৈনিক স্পোর্ত। ‘এবার সেরা জন জিততে পারল না’—শিরোনামে পত্রিকাটি লিখেছে, ‘দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো, তবে চারবার জিতে এগিয়ে মেসি।’ একই সুর এল মুন্দো দেপোর্তিভোর খবরেও। রোনালদো ব্যালন ডি’অর জিতলেও বিশ্বকাপে মেসি পাল্টা জবাব দেবেন ইঙ্গিত করে পত্রিকাটির খবর, ‘মেসির সতর্কবার্তা, যা হয়ে গেছে সেটা নিয়ে আমি ভাবছি না, যা আসছে সেটা নিয়ে ভাবছি।’
এমন একটা হুঁশিয়ারি অবশ্য জুরিখ ছেড়ে যাওয়ার আগে রোনালদোও দিয়ে গেছেন, ‘গত বছরের মতো এ বছরও ভালো পারফর্ম করতে হবে আমাকে। আমি নিজের সেরাটাই নিংড়ে দেব। বরাবর তা-ই করি। আশা করি, পরেরবার এখানে আবার ফিরে আসব ক্যারিয়ারের তিন নম্বর ব্যালন ডি’অরটি জেতার জন্য।’
দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর এসব উল্লাস-হুংকার যত বাস্তবে রূপ নেবে, ফুটবলেরই লাভ তত বেশি! এএফপি, ওয়েবসাইট।