এবার লক্ষ্মণও বিদায় বললেন
আজ শুরু হায়দরাবাদ টেস্টে খেলার কথা ছিল তাঁরও। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ছিলেন। শেষটা ঘরের মাঠেই করতে পারতেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু ‘ভেরি ভেরি স্পেশাল’ জীবনের কঠিনতম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন পাঁচ দিন আগেই। গত শনিবার হায়দরাবাদেই সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন লক্ষ্মণ। ৩৭ বছর বয়সে এসেই ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। অসম্ভব সুন্দর কিছু ইনিংসের জন্যই লক্ষ্মণকে মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। ২০০১ সালে কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটি তো এখন ক্রিকেট রূপকথারই একটা অংশ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও রঞ্জি ট্রফিটা চালিয়ে যাবেন এই হায়দরাবাদী। আবেগময় সংবাদ সম্মেলনে লক্ষ্মণ বলেছেন, এটা হঠাত্ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। তাঁর অন্তরাত্মাই বলছিল, এটাই সময়। তাঁর মনে হয়েছে, দলে তরুণদের বাজিয়ে দেখার এটাই সেরা সময়।হায়দরাবাদের সেই সংবাদ সম্মেলনের কিছু চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে...আমি অনেক বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্বকে বলতে শুনেছি, ক্যারিয়ারের শেষের দিকে এসে এক ধরনের অনুভূতি বা চিন্তা মনের ভেতরে খেলা করে। ‘খেলাটা ছাড়ার দিন এসে গেছে, সময় হয়েছে অন্য কিছু করার...’ অনুভূতিটা ঠিক এ রকমই। ৪-৫ দিন ধরে আমি এই অভিজ্ঞতার মধ্য দিয়েই গেছি।আমি সব সময়ই অন্তরাত্মার কথা শুনে এসেছি। পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নিয়েছিলাম ঠিক একই কারণে। আমি ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু আমার অন্তরাত্মা বলল ক্রিকেটকে বেছে নিতে। এটা নিশ্চিতভাবেই ক্যারিয়ার নিয়ে একটা জুয়া ছিল। আমার মনে হয় ক্যারিয়ারজুড়েই এই দৈববাণী আমার সঙ্গে ছিল। আমি সব সময় এটা মেনে চলেছি। তবে ৪-৫ দিন ধরেই এই সিদ্ধান্তটা নিতে মনের সঙ্গে অনেক যুদ্ধ করতে হয়েছে। এটা সত্যিই কঠিন সিদ্ধান্ত। ঘোষণার আগে নির্বাচকদের সঙ্গে আলোচনাআমি আজ (শনিবার) সকালেই এ ব্যাপারে প্রথম নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান ও বোর্ডের সঙ্গে কথা বলেছি। পরিবারের প্রতিক্রিয়াসৌভাগ্যক্রমে আমার পরিবার সব সময়ই আমাকে সাহায্য করেছে। আমার মা-বাবা আমাকে শুধু একটা কথাই বলেছেন, মনের কথা শুনতে। আর এই কারণেই ক্রিকেট খেলতে শুরু করেছিলাম। সতীর্থদের অনুভূতিতারা অবাক হয়েছে। তবে খুশি নয়। আমি যেভাবে পরিবারকে বুঝিয়েছি ঠিক সেভাবেই তাদেরও বুঝিয়েছি। সকাল পর্যন্ত সতীর্থদের সঙ্গে অনেকবার কথা বলেছি। ব্যাপারটা খুবই আবেগময় ছিল। সাম্প্রতিক টেস্ট-ব্যর্থতা প্রভাব ফেলেছে কি না?দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যেভাবে খেলেছে, সেটা ছিল হতাশাজনক। তবে ওটা খেলারই অংশ। অনেক লোক আছে যারা আমার ব্যর্থতার জন্য সমালোচনা করেছে। সবাইকে সন্তুষ্ট করা সহজ নয়। সাফল্য ও ব্যর্থতা ক্রিকেটারের জীবনেরই অংশ। আমি কখনোই ভাবিনি নিউজিল্যান্ড সিরিজের আগেই আমি সরে দাঁড়াব। তবে ভালো লাগছে, নির্বাচকেরা আমার ওপর আস্থা রেখেছিলেন। আমি নিশ্চিত, তাঁরা জানেন আমি হয়তো ভালো করতাম। কিন্তু সময়টা ভেতরের ডাক শোনার। আমি নিশ্চিত, দল ঘুরে দাঁড়াবেই। কোনো অনুতাপযে সিদ্ধান্ত নিয়েছি তার জন্য কখনোই অনুতাপ করব না। কারণ আমার বিবেক পরিষ্কার। সিদ্ধান্ত পুনর্বিবেচনার সম্ভাবনামানছি আমার পরিবারসহ অনেক শুভাকাঙ্ক্ষীকে হতাশ করেছি। তারা চেয়েছিল শেষ টেস্টটা আমি হায়দরাবাদেই খেলি। তাদের সেই সুযোগ না দেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে তরুণদের অনভিজ্ঞ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত থেকে আমি সরব না। ইডেন গার্ডেনসের সেই ইনিংসকী দারুণ একটা টেস্ট ম্যাচ! আমরা সবাই কত ভাগ্যবান ইতিহাসের অংশ হতে পেরেছিলাম! এটা সব সময়ই আমার জন্য আবেগের এক ইনিংস ও ম্যাচ হয়ে থাকবে। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার আছে কি না?অবশ্যই। খেলাটিকে কিছু দেওয়ার সুযোগ আমার অবশ্যই আছে। আন্তর্জাতিক দায়বদ্ধতার জন্য আমার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বেশি সময় দিতে পারিনি। তাই আমার সবচেয়ে জরুরি কর্তব্য হচ্ছে হায়দরাবাদের ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা বিনিময় করা। ওয়েবসাইট।