এবার লিগে চোখ রাসেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ফেডারেশন কাপের পর স্বাধীনতা কাপ। টুর্নামেন্ট অল্প সময়ের আয়োজন। যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে। লিগটা লম্বা পথের চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জটাই জিততে চায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ঘরোয়া ফুটবলে এ মৌসুমে এখন পর্যন্ত দুটি টুর্নামেন্ট শেষ হয়েছে। ‘ডাবল’ জেতা শেখ রাসেলের যাঁর সঙ্গেই কাল কথা হয়েছে, প্রত্যেকেরই একই সুর, ‘ভাই, লিগটা জিততে হবে। ওটাই আসল।’ লিগে শেখ রাসেলের শেষ চার প্রতিপক্ষ ব্রাদার্স, আরামবাগ, শেখ জামাল ও ফেনী সকার। ১৩ ম্যাচে আবাহনীর ২৮; ১২ ম্যাচে রাসেলের ২৬ এবং জামালের ২৫ পয়েন্ট। সুবিধাজনক জায়গায় রাসেলই।রাসেলের খেলায় তাৎপর্যপূর্ণ দিক, মামুনুলের নেতৃত্বে মাঝমাঠে প্রচুর পাস খেলছে। ফলে ওপরের তিনজন সনি নর্দে, এমিলি ও জাহিদের জায়গা বদল হয় ঘন ঘন। প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে বল এনে দ্রুত পাস খেলে রাসেল। দেখা গেল, মিঠুন হয়তো হঠাৎ করে এমিলি, জাহিদ বা নর্দেকে লম্বা পাস দিয়ে দিলেন, যেটা তৈরি করে দেয় গোলের উৎস। সনি দারুণ এক ফুটবলার। তাঁর ড্রিবলিং, দুই-তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে এগোনোর ক্ষমতাই বেশি নজর কাড়ে। কোচ মারুফুল হকের ভাষায়, ‘আমরা স্লো বিল্ডআপ করি। তারপর দ্রুত আক্রমণে যাই। প্রতিপক্ষ এখানে ধাঁধায় পড়ে যায়। এটা “স্নেক স্ট্র্যাটেজি”। মানে সাপ যেমন ধীরে ধীরে এগোয় এবং দ্রুত ছোবল মারে।’ঢাকার মাঠে প্রায় সব দলই এখন রাসেলের দেখাদেখি প্রতিপক্ষকে আক্রমণের ঝড়ে বেসামাল করে দিতে চাইছে। তবে অনেক দলই এটা করতে গিয়ে এলোমেলো হয়ে যায়। মোহামেডান এটা ভালোই করে, তবে রাসেলকেই সবচেয়ে কার্যকর দেখাচ্ছে এ ক্ষেত্রে।আরেকটা ব্যাপার, কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি মনোযোগ রাসেলকে এগিয়ে নিচ্ছে। সঙ্গে আছে কর্মকর্তাদের আন্তরিকতা। স্থানীয় খেলোয়াড়েরা ভালো খেলছেন। মিঠুন-এমিলিদের সুযোগ দিচ্ছেন কোচ এবং তিনি কখনোই এই খেলোয়াড়দের ওপর আস্থা হারান না। এই মিঠুন-এমিলি শেখ জামালের সাইড বেঞ্চে বসে থাকতেন। রাসেলের জার্সি গায়ে প্রতিদানও দিচ্ছেন ক্লাবকে। মিডফিল্ডার মামুনুল বলছিলেন, ‘জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ যে পদ্ধতিতে খেলাচ্ছেন, মারুফ ভাইও অনেকটা একইভাবে আমাদের গড়ে তুলছেন। ফলে জাতীয় দল থেকে ফিরে ক্লাবের সঙ্গে অভ্যস্ত হতে আমাদের অনেক সুবিধাই হয়েছে।’ক্রুইফ এসেই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে ‘টোটাল ফুটবল’ খেলাতে চান। শেখ রাসেল অবশ্য টোটাল ফুটবলে ছকে যাচ্ছে না। দেখা যাচ্ছে, সাইডব্যাক লিংকনই যা একটু ওপরে উঠছেন ধারাবাহিকভাবে।মারুফ বলছেন, ‘টোটাল ফুটবলে কারও নির্দিষ্ট কোনো পজিশন থাকবে না। কিন্তু আমাদের ফুটবলাররা এখনো সেই মানে যেতে পারেনি। কাজেই টোটাল ফুটবল আমরা খেলছি না বা সেই চেষ্টাও করছি না আমি।’তবে এটা সত্য, পরশু শেখ জামালকে হারিয়ে স্বাধীনতা কাপ ঘরে তুলে ঘরোয়া ফুটবলে নিজেদের আরও প্রতিষ্ঠিত করেছে রাসেল। ওই রাতে আনন্দ-উল্লাস করেছেন খেলোয়াড়েরা, একসঙ্গে খিচুড়ি খেয়ে উদ্যাপন করেছেন উপলক্ষ। পুরান ঢাকার হোসেনি দালান লেনের আবাসিক ক্যাম্পে মহল্লাবাসী রাসেলের সঙ্গে আনন্দে যোগ দেয়। গতকালও টুকটাক কিছু আয়োজন ছিল।তবে এই উৎসবের মধ্যে অধিনায়ক বিপ্লব ভুলছেন না আসল কাজ, ‘লিগের ওপরই সব মনোযোগ আমাদের।’ এমিলিরও একই কথা। কোচ মারুফ তো লিগ জেতার পরই নিজেদের সফল বলতে চান।