এবার শক্তিশালী দল গড়ছে মোহামেডান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের দলবদলের বাজারে গত তিনটি মৌসুম মোহামেডান উপস্থিতি জানান দিতে না পারলেও এবার ভিন্ন ছবি। সাদা-কালোরা নতুন মৌসুমের শিরোপা জেতার মতো দল গড়ার পথে এগিয়ে গেছে অনেক দূর।শেখ রাসেলের জাহিদ, এমিলি, মামুন মিয়া, ইমন বাবু, শেখ জামালের আরিফুল ইসলাম, অরূপ বৈদ্য, শাকিল, তৌহিদুল আলম সবুজের মোহামেডানে নাম লেখানোর সম্ভাবনা আছে। পুরোনোদের মধ্যে গোলরক্ষক মামুন খান, ডিফেন্ডার মিন্টু শেখ, তপু বর্মণ, মিডফিল্ডার মিজবাবুল মানিক, শরিফুল থাকছেন বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা।মোহামেডান এখনো পেশাদার লিগ শিরোপা জিততে পারেনি। ছয়টি পেশাদার লিগের প্রথম তিন আসরে রানার্সআপ, পরেরবার ষষ্ঠ, পঞ্চম আসরে তৃতীয়। এবার পঞ্চম। ঘরোয়া ফুটবলে সাদা-কালোদের সর্বশেষ শিরোপা ২০০৮ সালের সুপার কাপ। মাঝখানে দুটি ফেডারেশন কাপে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। সেই মোহামেডানের এবার গা ঝাড়া দিয়ে ওঠা তাদের সমর্থকদের জন্য বেশ ভালো খবরই।আমিনুল, এমিলি, জাহিদ, আরমান আজিজদের নিয়ে পেশাদার লিগের দ্বিতীয় মৌসুমে সেরা দল ছিল মোহামেডান। তবে জাতীয় দলের ১৪ জন খেলোয়াড় নিয়েও সেবার লিগ জিততে পারেনি। কাজেই সেরা দল মানেই লিগ জয়ের নিশ্চয়তা নয়। তার পরও কর্মকর্তারা সাফল্যের পূর্বশর্ত অর্থাৎ ভালো একটা দল গড়ার উদ্যোগ নিয়েছেন, যেটি গত তিন মৌসুম মোহামেডানের ছিল না।