এবার শফিউলকে নিয়ে শঙ্কা
তামিম ইকবালের পর ইনজুরি কেড়ে নেবে কাকে? সর্বশেষ শঙ্কাটা পেসার শফিউল ইসলামকে ঘিরে। কাল অনুশীলনে তলপেটের পেশিতে টান পড়েছে তাঁর। এই দুঃসংবাদের পাশে সুসংবাদ হলো, এর আগে যাঁদের নিয়ে শঙ্কা ছিল সেই মাশরাফি ও রুবেল কোনো সমস্যা ছাড়াই ব্যাটিং-বোলিং করেছেন।নিজেদের মাঠে বাংলাদেশের বোলিং আক্রমণটা স্পিননির্ভরই হওয়ার কথা। সে ক্ষেত্রে মাশরাফির সঙ্গে আর একজন পেসারই হয়তো একাদশে থাকবেন। সেটি শফিউল হওয়ার সম্ভাবনাই বেশি। সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি, তবে একটু সংশয় তো দেখা দিলই।শেষ পর্যন্ত শফিউল খেলতে না পারলে কে হবেন বিকল্প—রুবেল না নাজমুল? রুবেল চোট পাওয়ার পর তাঁর বিকল্প হিসেবে ডাকা হয়েছিল নাজমুলকে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হয়ে গেছেন শফিউলেরই বিকল্প! কোচ জেমি সিডন্সও নাকি প্রথম ম্যাচের একাদশে মাশরাফির সঙ্গে নাজমুলকে চাইছেন।পেস আক্রমণ যা-ই হোক, এই সিরিজে বাংলাদেশ মুখ চেয়ে থাকবে স্পিনারদেরই। কাল অনুশীলন শেষে বাঁহাতি স্পিনার রাজ্জাকও সেটি বলে গেলেন, ‘আমাদের স্পিন আক্রমণ সব সময়ই ভালো। যেহেতু আমাদের কন্ডিশনে খেলা, আমাদের মূল চেষ্টাই থাকবে স্পিন দিয়ে কিছু করা।’ উইকেটও আশাবাদী করছে এই বাঁহাতি স্পিনারকে, ‘উইকেটের অবস্থা ভালো। বলতে পারেন আমাদের জন্য যে রকম দরকার, উইকেট সে রকমই।’বোলিং অ্যাকশন শুধরে ফেরার পর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডেতেই ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন রাজ্জাক। কিন্তু গত ১০ ম্যাচে মাত্র ১১ উইকেট তাঁর। এ অবস্থায় রাজ্জাকও যেন বুঝতে পারছেন আসলে ঠিক কী অবস্থায় আছেন। এই সিরিজটার কাছেই খুঁজবেন সেই প্রশ্নের উত্তর, ‘ফর্মের কী অবস্থা সেটা আসলে এই সিরিজের পর বলতে পারব। এখনই কিছু বলতে পারব না।’