এবার শিরোপাও জিততে চান ময়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ময়েস
ডেভিড ময়েস

ক্যাপিটাল ওয়ান কাপ, এফএ কাপের লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও যে জেতা হবে না, সেটাও প্রায় নিশ্চিতই হয়ে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগেও ঘটতে যাচ্ছিল একই ঘটনা। শেষ ষোলোর লড়াইয়ে অলিম্পিকোসের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হেরে প্রায় ছিটকেই পড়েছিল ম্যানইউ। কিন্তু দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয় দিয়ে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে রেড ডেভিলরা। পা রেখেছে কোয়ার্টার ফাইনালে। এই জয় এতটাই আত্মবিশ্বাসী করে তুলেছে যে এখন শিরোপা জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন কোচ ডেভিড ময়েস।
গ্রিসের শীর্ষ ক্লাব অলিম্পিকোসের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারের পর চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়টাই হয়তো নিশ্চিত ধরে রেখেছিলেন অনেকে। সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বিবেচনা করে এমন অনুমান করা মোটেও অযৌক্তিক ছিল না। তিন দিন আগেই প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে তারা হেরেছিল ৩-০ গোলে। সেই একই দল যে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে—এটা হয়তো কল্পনাও করেননি কেউ। কিন্তু দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিয়েছেন রবিন ফন পার্সি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের মৌসুমের শুরু থেকে দুর্বিষহ সময় পার করা ময়েসের মুখে প্রথমবারের মতো দেখা গেছে তৃপ্তির হাসি। বেশ আত্মবিশ্বাসীও হয়ে উঠেছেন ম্যানইউ কোচ। বলেছেন, ‘আমরা যদি নিজেদের পুরো সামর্থ্য দিয়ে খেলতে পারি, যেটা আমরা খুব বেশি করতে পারিনি, তাহলে আমরা যেকোনো দলের বিপক্ষেই জিততে পারব। আমি সত্যিই বিশ্বাস করি যে এই দলটা শিরোপা জিততে সক্ষম।’

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। তখনই জানা যাবে শেষ আটের লড়াইয়ে কার বিপক্ষে খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে।— গোল ডটকম