এবার শুরু দলবদলের রোমাঞ্চ
বিশ্বকাপ শেষ। ভেঙেছে মিলনমেলা। শেষ মহাযজ্ঞ। সময় এসে গেছে এবার ক্লাব ফুটবল নিয়ে মেতে ওঠার। নতুন মৌসুম শুরুর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে বিশ্বকাপ শেষ হতে না-হতেই শুরু হয়ে গেছে দলবদলের রোমাঞ্চ।কে কোন দলে যাবেন, কোন ক্লাব কাকে চাইছে—বিশ্ব ফুটবলে এখন আলোচনা জমে উঠেছে এটা নিয়েই। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে ছোট দলের অনেক খেলোয়াড়ও স্বপ্ন দেখছেন ইউরোপের বড় কোনো ক্লাবে খেলার। কারও জন্য বিশ্বকাপটা যখন ফাগুনের সুবাতাস হয়ে এসেছে, কারও জন্য আবার তা এসেছে সর্বনাশ হয়ে। বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরতে পারেননি বলে বড় ক্লাব হাতছানি দিয়েও দূরে সরে যেতে চাইছে কারও কারও কাছ থেকে।জাপানের মিডফিল্ডার কেইসুকে হোন্ডা আর ইংল্যান্ডের স্টিভেন জেরার্ডের কথাই ধরুন। বিশ্বকাপটা দুজনের কাছে ধরা দিয়েছে দুই রকমভাবে। দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল জাপান। কিন্তু দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মিডফিল্ডার হোন্ডার কাছে আসছে ইউরোপের বিভিন্ন বড় ক্লাবে খেলার প্রস্তাব। রাশিয়ার সিএসকেএ মস্কোর এই খেলোয়াড় অবশ্য স্বপ্ন দেখছেন রিয়াল মাদ্রিদে খেলার।ওদিকে বিশ্বকাপের মধ্যেই গুঞ্জন শোনা গিয়েছিল, লিভারপুলের মিডফিল্ডার জেরার্ড নতুন মৌসুমে গায়ে পরতে পারেন রিয়াল মাদ্রিদের জার্সি। হোসে মরিনহো নাকি রিয়ালের কোচ হয়েই তাঁকে দলে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু বিশ্বকাপে অনুজ্জ্বল পারফরম্যান্স তাঁকে ঠেলে দিয়েছে পেছনে। রিয়াল এখন আর তাঁকে নিয়ে আগ্রহী নয়। যদিও রিয়াল থেকে বলা হয়েছে, তাদের জেরার্ড-মোহ টুটে যাওয়ার কারণ বয়স। কিন্তু অনেকেই ধরে নিয়েছে, আসল কারণটা আসলে বিশ্বকাপে মাঠ মাতাতে না পারাই।তবে হোন্ডা বা জেরার্ড নন, আপাতত দলবদলের রোমাঞ্চ আবর্তিত ফার্নান্দো তোরেস, লুইস ফ্যাবিয়ানো, অ্যাশলি কোল আর মাইকনদের নিয়ে। চেলসি ডিফেন্ডার কোলের রিয়াল মাদ্রিদ-যাত্রা প্রায় নিশ্চিত। এরই মধ্যে নাকি রিয়াল তাঁর জন্য ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দিয়েছে। তবে কাকা, তোরেস, ফ্যাবিয়ানো আর মাইকনদের কে কোথায় যাবেন, মূল আলোচনা এখন এটা নিয়েই।তোরেসকে নিয়ে গুঞ্জনের শুরু বিশ্বকাপ শুরুর আগে থেকেই। লিভারপুলের স্প্যানিয়ার্ড কোচ রাফায়েল বেনিতেজের চলে যাওয়ার পর অনেকেই ধরে নিয়েছে তোরেসেরও আর অ্যানফিল্ডে থাকা হবে না। তোরেস তাহলে যাবেন কোথায়? অনেকেই ধরে নিয়েছিল বার্সেলোনাই হতে চলেছে তাঁর পরবর্তী ঠিকানা। কিন্তু ঠিক বিশ্বকাপ শুরুর সময়ই বার্সেলোনা ডেভিড ভিয়াকে নিয়ে নেওয়ায় থেমে গেছে সেই জল্পনা-কল্পনা।আলোচনায় তোরেসের নতুন গন্তব্য হয়ে ওঠে এরপর চেলসি। তবে ‘ফ্লপ’ বিশ্বকাপের পর চেলসিও তাঁর প্রতি আর আগ্রহ দেখাবে কি না, এটা নিয়ে সংশয় আছে। তাঁর স্বদেশি-সতীর্থ ভিয়া অবশ্য বলছেন তোরেসের ফর্মহীনতা সাময়িক। বিশ্বকাপে একটিও গোল না পাওয়া তোরেস শিগগিরই গোল পেতে শুরু করবেন বলে বিশ্বাস ভিয়ার। তোরেসকে সেজন্য পরামর্শও দিয়েছেন সদ্যই ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো স্ট্রাইকার, ‘তাঁর আসলে ম্যানচেস্টার সিটিতে যাওয়াটা ঠিক হবে না, চেলসিতে গেলেই ভালো করবে ও।’ তোরেস যেহেতু টাকার পাগল নন, তিনি ম্যান সিটিতে যাবেন না বলেও ধারণা ভিয়ার।জার্মানির কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই ছিটকে পড়া আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ঘিরে গুঞ্জন, তিনি চেলসিতেই নাম লেখাতে চলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি তাঁকে ছেড়ে দেবে বলেছে। ২০০৬ সালে অ্যাটলেটিকোতে নাম লেখানো আগুয়েরো তোরেসের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ২০০৭ সালে লিভারপুলে পাড়ি জমানো তোরেসের সঙ্গে আবার জুটি বাঁধতে উন্মুখ হয়ে আছেন ম্যারাডোনা-জামাই।ইংলিশ প্রিমিয়ার লিগ গত মৌসুমে স্প্যানিশ লিগের কাছে হারিয়েছিল তাদের সবচেয়ে উজ্জ্বলতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। দলবদল নিয়ে গুঞ্জন শুনে মনে হচ্ছে, এবার ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন তারকা হারাতে চলেছে স্প্যানিশ লিগ। আগুয়েরোর মতো ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোকে ঘিরেও শোনা যাচ্ছে গুঞ্জন—সেভিয়া স্ট্রাইকার নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারে চলে যেতে পারেন। আর বার্সেলোনার ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি তো এরই মধ্যে নাম লিখিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) দল নিউইয়র্ক রেড বুলসে। গুঞ্জন কাকার রিয়াল মাদ্রিদে থাকা না-থাকা নিয়েও।ওদিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন আর ডাচ প্লে-মেকার ওয়েসলি স্নাইডারের রিয়াল মাদ্রিদে যাওয়ার যে কথা শোনা যাচ্ছিল, তা নাকি আর হচ্ছে না। এএফপি, ওয়েবসাইট।