এবার শুরু হার্ট-ব্রেকিং খেলা!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ লেখাটি যখন ছাপা হবে, তার আগেই বিশ্বকাপের রকমসকম অনেকটাই বদলে যাবে। চারটি দলের লড়াই থেকে এগিয়ে যাওয়া দুটির নাম জানা হয়ে যাবে বিজয়ী হিসেবে। বাকি আশাহত দুটির দুঃখ ভারাক্রান্ত ভাঙা মন নিয়ে, ‘আগামী বিশ্বকাপের আশা’ নিয়ে বিদায় নেওয়ার খবরও জানা হয়ে যাবে সবার। সমর্থকদের মনে হা-হুতাশ বিরাজ করতে থাকবে হেরে যাওয়া দল দুটির জন্য যেমন, তেমনি বিজয়ীদের পক্ষের সবার আনন্দের পাশাপাশি বুক ঢিপ ঢিপ করা অপেক্ষাও শুরু হয়ে যাবে সেমিফাইনালের জন্য। অতএব এ লেখায় শুধু সম্ভাব্য বিজয়ীদের নিয়ে আগাম ভাবনাচিন্তার কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই।প্রথম খেলাটির দিকেই নজর থাকবে সবার। শুরু হবে রাত আটটায়। দুই প্রতিপক্ষই ফেবারিট লিস্টির, অর্থাৎ ব্রাজিল ও হল্যান্ড। ব্যাপারটি দাঁড়িয়েছে দুটি মহাদেশের লড়াই যেন। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ।ওদিকে আবার রাত ১২টার খেলায়ও দুই মহাদেশ নিয়ে কাণ্ড। খেলবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ের সঙ্গে আফ্রিকার একমাত্র প্রতিনিধি ঘানা। বেশ জমে উঠেছে ব্যাপারটা।সত্যি বলতে কি, দ্বিতীয় খেলাটির ফলাফলের দিকেই আমার নজর থাকবে। বলতে দ্বিধা নেই, ঘানার দিকেই আমার টানটা বেশি। শুধু আমিই বা কেন, দেশের অনেকের মনেই ব্যাপারটি একই রকমভাবে দানা বেঁধেছে। এ ব্যাপারে আমার ব্যাখ্যা হলো, বিশ্বকাপের আসর বসেছে আফ্রিকায়। সেখানকার একটি দল নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে দিয়ে এই উঁচু পর্যায়টিতে চলে এসেছে। তা ছাড়া শুধু দক্ষিণ আমেরিকা আর ইউরোপের মধ্যেই কাপটা ঘুরেফিরে থাকবে কেন? স্থান এবং স্বাদ দু-একবার কি বদলাতে পারে না? এ ব্যাপারে ভাবনায় ‘যদি’ শব্দটি খুব পেয়ে বসে আমায়। অর্থাৎ ফলাফলে অন্য রকমের যদি কিছু ঘটত! এবার যেমন ভাবছি, যদি ঘানা ফাইনালে যেত!এশিয়ার দেশগুলো পারল না। মানে আমরা পারলাম না। জাপান ভালো যুদ্ধ করেও পোড়াকপালি। বলা যায়, অভিজ্ঞতার কাছেই হেরে গেল। টাইব্রেকারের দমবন্ধ টেনশন থেকে আসা নার্ভাসনেস কাটানো সম্ভব হয়নি বলে মনে হয়েছে।আরেক মহাদেশ অস্ট্রেলিয়া। তারা তো আগেই ‘নট’। উত্তর আমেরিকা থেকে ওপরে উঠে আসা যুক্তরাষ্ট্র ছিটকে পড়ল। এভাবে ছাঁকনি হতে হতে যা অবশেষে দাঁড়াল, তা আবার ঘুরেফিরে একই জায়গায়। তবে কিনা সমর্থকদের হট ফেবারিটরাই উঠে এসেছে। ব্রাজিল-আর্জেন্টিনা-হল্যান্ড-জার্মানিকে পেয়ে বিশ্বকাপ আয়োজকেরাও যে আনন্দিত, তা বলাই বাহুল্য। কারণ দর্শক টানার ব্যাপার নিয়ে তো তাঁদের ভাবতে হয়ই।তো, এ লেখা নিয়ে যখন বসেছি, তখন অপেক্ষা আজ (শুক্রবার) কোয়ার্টার ফাইনাল দুটির খেলায় কী ঘটনা ঘটবে তা দেখার। ইতিমধ্যে চোখে পড়ল, ব্রাজিলের সমর্থকেরা অনেকেই কদিনের ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে যাওয়া পতাকা বদলে নতুন পতাকা টাঙিয়েছে। সমর্থনের দলটি এত দূর উঠে আসায় প্রত্যাশা বেড়ে এখন তুঙ্গে। কিন্তু প্রতিপক্ষ হল্যান্ড হওয়ায় কিছুটা দুর্ভাবনাও ভর করেছে বটে। কী জানি, যদি হল্যান্ড গত খেলাটির ভালো ফর্ম থেকে আরও বেশি জ্বলে ওঠে, তবে তো বেকায়দা হলেও হতে পারে। কারণ ব্রাজিলের তো মাঝেমধ্যে খেলায় নানা ধরনের চমৎকারিত্ব দেখানোর প্রবণতায় পেয়ে বসে। তেমন যদি খেলা খেলার মতো, পরীক্ষা-নিরীক্ষার মতো ভাব নিয়ে খেলার চেষ্টা করে, তবে তো খবর হয়ে যাবে।তবে আমার ধারণা, তেমন হওয়ার আশঙ্কা নেই। ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ায় সবচেয়ে অভিজ্ঞ দল। হল্যান্ডকে যুঝবার বুদ্ধি তারা ঠিকই বের করবে।অন্যদিকে, হল্যান্ড বহু বছর পর এই পর্যায়ে আসতে পেরে দারুণ উজ্জীবিত আছে। এত দূর আসার পর প্রতিদ্বন্দ্বিতা না গড়ে তুলে দপ করে নিভে যাবে—এমনটা মেনে নিতে পারবে না। ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালাবেই। অতএব ফলাফল যেমনই হোক, দর্শকেরা দুর্দান্ত প্রতিযোগিতা দেখবে বলে ধারণা হচ্ছে সবার।ঘানা আর উরুগুয়েও সহজে কেউ কাউকে ছাড় দিতে চাইবে না। ঘানা খেলবে নিজ মহাদেশের মাটিতে। আফ্রিকার সব দেশের বিশাল সমর্থন পাবে তারা। গ্যালারি মাতিয়ে রাখবে দর্শকেরা। সে ক্ষেত্রে দুই রকমই ঘটতে পারে। অতিমাত্রায় উজ্জীবনে তালগোল পাকিয়ে ফেলার ঘটনা যেমন ঘটতে পারে, তেমনি উদ্দীপ্ত হয়ে এ যাবৎকালের শ্রেষ্ঠ খেলাটিও খেলতে পারে ঘানা। আমি আশা করছি, ঘানা ইতিহাস রচনা করবে সেমিফাইনালে উঠে। এই আশার কারণ হলো, তাদের স্টামিনা, শারীরিক শক্তি এবং ৯০ মিনিট ধরে একনাগাড়ে একই গতি বজায় রাখার দিকগুলো অসাধারণ।ব্রাজিলের এক সমর্থকের কথা দিয়ে শেষ করছি। তিনি বললেন, ‘দোয়া করি, খেলা যেন টাইব্রেকারে গিয়ে ফয়সালা না হয়। ওইটা এক্কেরে “হার্ট-ব্রেকার”!’