এবার শেষ ফাঁড়াটা পার হওয়ার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর সমুদ্রতীর দেখে কলম্বাসের জাহাজের মাস্তুলে বসা নাবিকটি চিৎকার করে উঠেছিল, ‘দ্য ল্যান্ড, দ্য ল্যান্ড।’ আমরাও চিৎকার করে বলতে পারি, ‘কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল।’ তবে একটা নয়, দুটি ফাঁড়া আছে। প্রথম ফাঁড়াটা ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে। চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। শাহরিয়ার নাফীস সঞ্জয় মাঞ্জরেকারকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে বাংলাদেশকে আর কোয়ার্টার ফাইনালে যাওয়ার ব্যাপারে ভাবতে হবে না।’ ৪ তারিখ ওয়েস্ট ইন্ডিজ রাগ করার পর আমরা শেরাটন হোটেলের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছি আর বলেছি, আমরা তোমাদের ভালোবাসি। আশা করি, ওয়েস্ট ইন্ডিজ সে ভালোবাসার প্রতিদান দেবে। আর যদি না দেয়, তা হলে ফাঁড়া কাটানোর জন্য মরণ পণ করে ডেইল স্টেইনের বোমার সামনে দাঁড়াতে হবে তামিমদের। দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে চাঙা অবস্থায় আছে। মিরপুরে ১৯ মার্চ সে দক্ষিণ আফ্রিকা-বধ কাব্য আমরা রচনা করতে চাই।হল্যান্ডকে আমরা নিশ্চিতভাবে হারালেও তারা যে খেলার শেষপর্যায়ে ২১টি বল বিনা রানে রেখেছিল এবং দুটি উইকেট উপড়ে ফেলেছিল, যখন আমাদের জেতার জন্য মাত্র আট রান বাকি, সে হিসাবটা মনে রেখে ১৯ তারিখ বাংলাদেশকে সর্বোচ্চ খেলাটি খেলতে হবে।খেলায় বাংলাদেশ দলে সাতজন ন্যাটা খেলোয়াড় দেখে ধারাভাষ্যকারেরা অনেক চমৎকার তথ্য দিলেন। আমার সবচেয়ে প্রিয় ভাষ্যকার রবিন জ্যাকম্যান। ক্রিকেটের গত ১০০ বছরের ইতিহাস এ বুড়োর মুখস্থ। বললেন, ১৮৭৬ থেকে ১৯৭৬ পর্যন্ত ন্যাটা ক্রিকেটারের সংখ্যা ছিল ২১০। আর ১৯৭৬ থেকে এ পর্যন্ত ন্যাটা খেলোয়াড়ের সংখ্যা হলো ২৮৫! আতাহারকে সঞ্জয় অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘এরা খায় কী! হোয়াট ডু দে ইট?’ রবিন বললেন, ‘বাংলাদেশি বাঁহাতি বোলারদের একজন থেকে আরেকজনকে আলাদা করা যাচ্ছিল না।’ আর সঞ্জয় ম্যান অব দ্য ম্যাচ ইমরুলকে বললেন, ‘তোমরা বাঁহাতি ব্যাটসম্যানরা সবাই খেলো একই রকম, আর বোলাররাও বল করো একই রকম। ব্যাপারটা কী?’ ইমরুল কারেকশন দিয়ে বললেন, ‘তামিম নয়, ওর স্টাইল আলাদা।’এ সুযোগে তামিমের জন্য একটু পরামর্শ। তাঁর মধ্যে আশরাফুলের সমস্যাটা ঢুকছে। সহজাত প্রতিভাধারী খেলোয়াড়েরা সঠিক গ্রামার রপ্ত করতে আলস্য করে। এ নিয়ে তামিম পাঁচ খেলার তিনটিতে প্রায় একই রকমভাবে পরিষ্কার বোল্ড হয়েছেন। প্রথমবার কেমার রোচের বলে, দ্বিতীয়বার ব্রেসনানের বলে এবং তৃতীয়বার বোখারির বলে। তিনি প্রতিবারই ব্যাক ফুটে খেলেছেন, যা নিয়ম। তার পরও ব্যাটের কানায় লেগে বল উইকেটে লাগছে। এটা হয়, যখন পা না বাড়িয়ে কেবল হাত বাড়িয়ে বলকে কেউ খেলতে চায়। তামিমের ফুটওয়ার্ক নিয়ে সিডন্সকে কাজ করার পরামর্শ দেওয়া যায়। লারার খেলাগুলো তামিম ভিডিওতে ভালোভাবে দেখতে পারেন। সব সময় ড্যান্সিং ফুটে খেলতেন লারা। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলায় ওয়াসিম আকরামের বল লারার বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙে না দিলে এবং এর ফলে ৮৮ রানে অপরাজিত থাকা লারা আহত হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে না গেলে সেবার পাকিস্তানের নয়, ওয়েস্ট ইন্ডিজেরই কাপ জেতা হতো বলে ধারণা করি।তাই একজন খেলোয়াড়ের ওপর অনেক কিছু নির্ভর করে। তামিম হেলাফেলা ভরে খেললে হবে না। সঞ্জয়কে ইমরুল আরও বলেছেন, সিডন্সের নির্দেশ হচ্ছে তামিম যখন মারমুখো থাকবে, তখন যেন সে ব্যাট ধরে রাখে। গুণের বিচারে কিন্তু ইমরুলের ধৈর্যটাই দরকার।প্রথমবার পানিবিরতির পর ১৬তম ওভার শুরু হলো। ডাচ অধিনায়ক পিটার বোরেনের ওভার। ইমরুল একটা শট নিলেন। সেটা স্কয়ার ড্রাইভও হলো না, কাভার ড্রাইভও হলো না। কিন্তু চমৎকারভাবে দুটি লাইনের মাঝখান দিয়ে বল মাটি কামড়ে সীমানা পার হলো। ঠিক পরের বলটা আরও চমৎকার এক স্কয়ার ড্রাইভও হলো। ইমরুলের খেলার এ বৈশিষ্ট্যই গতকাল বাংলাদেশকে এক গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। দক্ষতা ও শৈল্পিক—পরস্পর মিলেমিশে একটি অপূর্ব ক্রিকেটীয় ইনিংস।অভিনন্দন ইমরুল তোমাকে। সেই সঙ্গে পুরো বাংলাদেশ দলকে।