এবার শেষ বলে জিতল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে রোমাঞ্চ সৃষ্টির গুরুদায়িত্ব বোধ হয় নিজ কাঁধে তুলে নিয়েছে জিম্বাবুয়ে! দুদিন আগে সিলেটে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচটি পুরোটা সময় দুলেছিল পেন্ডুলামের মতো। স্নায়ুক্ষয়ী ম্যাচের শেষ বলে কপাল পুড়েছিল জিম্বাবুয়ের। একই ভেন্যুতে আজ হল্যান্ডের বিপক্ষে ভাগ্যের ছোঁয়ায় ওই শেষ বলেই জিতল জিম্বাবুয়ে।
টসে জিতে প্রথম ব্যাট করে হল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৪০। হল্যান্ডের ইনিংসের মূল নায়ক টম কুপার। এ মিডল অর্ডার ডানহাতির অপরাজিত ৭২ রানের সৌজন্যে হল্যান্ড পায় লড়াই করার পুঁজি ।
১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে উইকেট বাঁচিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই এগোতে থাকে। কিন্তু গোল বাধে শেষ ওভারে। মাত্র ৬ বলে তখন ৭ রান দরকার জিম্বাবুয়ের। হাতে উইকেট ৬টি। জামিলের করা দ্বিতীয় বলে উইলিয়ামস ২ রান নিলে জিম্বাবুয়ের প্রয়োজন ৪ বলে ৫। তৃতীয় বলে হল্যান্ডের উইকেটরক্ষক ব্যারিসকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে—চার রান। একপর্যায়ে ১ বলে ১ রান। সিবান্দা মারলেন সপাটে উড়িয়ে। ছক্কা! শেষ বলেই জিম্বাবুয়ে পেল ৫ উইকেটের জয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ করে ম্যাচসেরা জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর।