এবার শোয়েব
বিতর্কে ভরা সফরের শেষটা কি আর বিতর্ক দিয়ে না হলে হয়! বিতর্কের চিত্রকল্পে তুলির শেষ আঁচড়টা দিয়েছেন শোয়েব আখতার, ক্যারিয়ার-জুড়েই বিতর্ক যাঁর নিত্যসঙ্গী। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল-এর ক্যামেরায় ধরা পড়েছে, পরশু রোজ বোলের ম্যাচে বল টেম্পারিং করছেন শোয়েব!ঘটনা ইংল্যান্ড ইনিংসের ৪১তম ওভারের, স্ট্রাইকে তখন পল কলিংউড। ডেইলি মেইল-এর একটি ছবিতে দেখা যাচ্ছে, ওভার শুরুর আগে বুড়ো আঙুল দিয়ে সিম খুঁটছেন শোয়েব। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ট্রাউজারে ঘষে বল চকচকে করার সময় প্রথামতো বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে বল না ধরে নখ দিয়ে বলে আঁচড় কাটছেন। এরপরের ছবিতে শোয়েব বল মাটিতে ফেলে ডান পা দিয়ে মাড়িয়ে দিচ্ছেন। শোয়েব, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বা আইসিসির পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এবারই প্রথম নয়, এই রোজ বোলেই চার বছর আগে বুড়ো আঙুল দিয়ে বলের সিম খুঁটিয়ে স্কাই স্পোর্টসের ক্যামেরায় ধরা পড়েছিলেন শোয়েব। ২০০২ সালের শেষ দিকে ধরা পড়েছিলেন জিম্বাবুয়েতে একটি টেস্টে বল টেম্পারিং করে। দুবারই জরিমানা দিয়ে ও সতর্কবাণী শুনে পার পেয়ে গিয়েছিলেন শোয়েব। ২০০৩ সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় ব্যাংক আলফালাহ কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বল টেম্পারিং করায় নিষিদ্ধ হয়েছিলেন দুটি ওয়ানডে ও জরিমানা গুনেছিলেন ম্যাচ ফির ৭৫ শতাংশ। একই অভিযোগে শাস্তি পেয়েছেন শোয়েবের বর্তমান অধিনায়ক শহীদ আফ্রিদিও। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে পার্থে বল টেম্পারিং করে দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হয়েছিলেন আফ্রিদি। ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফয়সালাবাদ টেস্টে বুটের স্পাইক দিয়ে পিচ মাড়িয়ে দেওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন এক টেস্ট ও দুটি ওয়ানডে।নানা বিতর্কে প্রায় বিস্মৃতির আড়ালে চলে যাওয়া শোয়েবের আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে আফ্রিদির একান্ত ইচ্ছাতেই। পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন, নির্বাচকদেরও খুব একটা আগ্রহ ছিল না একসময়ের বিশ্বের দ্রুততম বোলারকে নিয়ে। আফ্রিদির দাবি মেটাতেই ফেরানো হয়েছে ৩৫ বছর বয়সী ফাস্ট বোলারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ইঙ্গিত দিয়েছিলেন সেরা ফর্মে ফেরার। টি-টোয়েন্টি দুটিতে দারুণ মিতব্যয়ী বোলিং করে নিয়েছেন তিন উইকেট, প্রথম তিন ওয়ানডেতে মাত্র ২ উইকেট পেলেও শেষ দুটিতে নিয়েছেন ৩টি করে উইকেট। নতুন বিতর্ক আবার কি তাঁকে বন্দী করে ফেলল অনিশ্চয়তার বেড়াজালে? ওয়েবসাইট।