এবার শ্রীলঙ্কা উড়ে গেল

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৯ রানে। ইংলিশরা হারল ১৫৮ রানে। আগের ম্যাচের দুর্দান্ত শ্রীলঙ্কা ম্যানচেস্টারে আজ গুটিয়ে গেল মাত্র ৬৭ রানে আর ইংল্যান্ড তা টপকে গেল বিনা উইকেটেই। পরপর দুটি ম্যাচে কী দারুণ বৈপরীত্যে! ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার এটি তৃতীয় সর্বনিম্ন রান।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটসম্যানদের অবস্থা হলো মহাসড়কে বেরিয়ে গাড়ির হঠাত্ জ্বালানি ফুরিয়ে যাওয়া মতো! নিয়মিত বিরতিতে চলতে থাকল উইকেট-পতন। সর্বোচ্চ ১৩ এসেছে কুমারা সাঙ্গাকারার কাছ থেকে! বোঝাই যাচ্ছে, লঙ্কানদের ইনিংসের কী ত্রাহি দশা! লঙ্কানদের মূল ‘সর্বনাশ’টা করেছেন ক্রিস জর্ডান। ইংলিশ বোলার একাই নিয়েছেন ৫ উইকেট।
৬৮ রানের মামুলি লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে মাত্র ১২.১ ওভারেই পেরিয়ে গেল ইংল্যান্ড। অ্যালিস্টার কুক অপরাজিত ছিলেন ৩০ ও ইয়ান বেল ৪১ রানে। ম্যাচ সেরা জর্ডান। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ২-১ ব্যবধানে।