এবার শ্রীলঙ্কার জন্য অপেক্ষা
এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখপাত্রই বুঝি হয়ে গেছেন মাহেলা জয়াবর্ধনে! টুর্নামেন্ট শুরুর আগের সংবাদ সম্মেলন তো জয়াবর্ধনে। ম্যাচের আগের দিনের প্রেস ব্রিফিং তো জয়াবর্ধনে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন, সেখানেও জয়াবর্ধনে! টুর্নামেন্টে কাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের আর কারও কণ্ঠ শোনার সুযোগ হয়নি সাংবাদিকদের।শ্রীলঙ্কার ক্রিকেটাররা হয়তো কথা বলতে বলতে ক্লান্ত। জয়াবর্ধনে একাই সবার কথা বলার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এশিয়া কাপের আগে থেকেই দলটা টানা খেলার মধ্যে। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া সফর। তারও আগে দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত সফর, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ, ইংল্যান্ড সফর—সব মিলিয়ে গত এক বছরে খেলোয়াড়েরা ঘরে থাকলেন কই! যাযাবর জীবনে ঘরে ফেরার তাড়না থাকে। কালকের ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কার এই গৃহকাতরতাকেই কাজে লাগাতে চাইছেন বাংলাদেশ কোচ স্টুয়ার্ট ল।বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে সবচেয়ে সুখী মানুষ সম্ভবত এখন ল-ই। চোখেমুখে খুশির আভা। কাল সকালে একাডেমি মাঠের অনুশীলন শেষে কথা বলতে গেলে বারবারই ফিরে গেছেন ভারত-জয়ের ম্যাচে। শততম সেঞ্চুরির জন্য শচীন টেন্ডুলকারকে অভিনন্দন জানিয়েও বললেন, কারও সেঞ্চুরি নয়, ওই ম্যাচে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ভারত-জয়ের স্মৃতি রোমন্থন নয়, স্টুয়ার্ট ল-র চোখ এখন শ্রীলঙ্কা ম্যাচে, ‘সব জয়ই ভালো। নিয়মিত জয় না পাওয়া একটা দলের জন্য ভারতের মতো বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো বিরাট ব্যাপার। তবে এখন আমরা শ্রীলঙ্কাকে নিয়েই ভাবছি। আপাতত এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ভারতকে হারানোর আত্মবিশ্বাসের সঙ্গে শ্রীলঙ্কানদের যাযাবরের জীবনটাও আশা জাগাচ্ছে বাংলাদেশ কোচের মনে, ‘শারীরিক ও মানসিকভাবে তারা ক্লান্ত। অনেক দিন ধরেই সবাই ঘরের বাইরে। নিজেকে দিয়েই তাদের অবস্থাটা বুঝতে পারি।্রএ রকম পরিস্থিতিতে শুধু বাড়ি যেতে মন চায়, ইচ্ছে করে আপনজনদের নিয়ে একসঙ্গে থাকতে। হোটেল তো আর বাড়ি নয়।’সঙ্গে যদি এশিয়া কাপে শ্রীলঙ্কার পারফরম্যান্সটা যোগ করে নেন, বাংলাদেশ ম্যাচে তাদেরই বেশি চাপে থাকার কথা। ব্যাটসম্যান জহুরুল ইসলাম এই চাপই তুলে দিতে চাইলেন কালকের ম্যাচের প্রতিপক্ষের কাঁধে, ‘এশিয়া কাপে তাদের খারাপ সময় যাচ্ছে। অস্ট্রেলিয়ায় যে কন্ডিশনে খেলে এসেছে তার চেয়ে এখানে ভিন্ন কন্ডিশন। তা ছাড়া দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যাঞ্জেলো ম্যাথুস আর পেরেরা দলে নই।’বাংলাদেশের অবস্থা ঠিক উল্টো। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারার আগে হারেনি। ভারতকে তো পরের ম্যাচে হারিয়েই দিল। শ্রীলঙ্কার বিপক্ষে আত্মবিশ্বাসে বড় জ্বালানি এই জয়। জহুরুল বললেন, ‘বড় দলের সঙ্গে জিততে পারি, এই বিশ্বাস এসেছে সবার মধ্যে। পাকিস্তানের বিপক্ষে জেতার খুব কাছাকাছি ছিলাম, পরের ম্যাচে ধারাবাহিক ভালো খেলে জিতলামও। আমরা যদি আমাদের ক্রিকেটটা খেলতে পারি, আর শ্রীলঙ্কাও যদি তাদের ক্রিকেট খেলে, ভালো ম্যাচ হবে।’বাংলাদেশের ভারত-জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে আরেকটি কারণে। ২৮৯ তাড়া করে জেতাটা যে দলীয় প্রচেষ্টার ফসল। একটাও সেঞ্চুরি নেই, তিন ফিফটি আর দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসেই চার বল বাকি থাকতে জয়! স্টুয়ার্ট ল-র বেশি খুশি স্কোরকার্ডের এমন ছবি দেখে, ‘সাকিব এসে খুব দ্রুত রান বাড়িয়েছে। তবে এমন না যে সে একাই ম্যাচ জিতিয়েছে। ২৫ বলে ৪৬ করেছে মুশফিক। আউট না হয়ে খেলা শেষ করে এসেছে।্রনাসিরের অবদানকেও ছোট করে দেখা যাবে না। আর মাঠের বাইরের পরিস্থিতির কারণে অনন্ত চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করা তামিম ইকবাল ভালো একটা শুরু এনে দিয়েছিল।্রসবাইকে ভুল প্রমাণ করে দলে জায়গা পাওয়ার দাবি প্রমাণ করেছে সে।’ অনেক দিন ধরেই দলকে একা টেনে নিয়ে যাওয়া সাকিবের পাশে এখন মুশফিক, জহুরুল, নাসিররাও। কোচের জন্য অনেক বড় প্রাপ্তি এটা, ‘সাকিব বিশ্বমানের অলরাউন্ডার। কিন্তু তার সাহায্য দরকার। সব সময় তার একার পক্ষে এটা করা সম্ভব নয়। এটা খুবই ভালো, দল হিসেবে আমরা সবাই মিলে কাজটা করেছি।’ভাস-মুরালিধরনরা না থাকায় শ্রীলঙ্কার বোলিং আক্রমণ এখন অনেকটাই অনভিজ্ঞ। জহুরুলের দৃষ্টিতে এটা একটা প্লাস পয়েন্ট। তবে ল সবকিছুই পক্ষে ভেবে নিয়ে আয়েশে গা ভাসাচ্ছেন না, ‘অনভিজ্ঞ হলেও তারা যথেষ্ট ভালো। বিশ্বমানের কয়েকজন বোলার আছে। তাদের হালকাভাবে নেওয়ার কিছু নেই। মালিঙ্গা আছে। ওয়ানডের সেরা বোলার তো বটেই, বিশ্বের যেকোনো জায়গায় সে ভয়ংকর। তাদের হয়তো বেশি ভয় করার কিছু নেই, তবে শ্রদ্ধা তো দেখাতেই হবে।’শ্রদ্ধাটুকু রাখাই ভালো। কেন ভালো, উপসংহারে সেটাও বলে দিয়েছেন কোচ, ‘আমরা ভুল থেকে শিখছি। তবে ছেলেদের এটাও বলে দিয়েছি, শ্রীলঙ্কার সঙ্গে খারাপ খেললে ভারতকে হারানোর আর কোনো দামই থাকবে না।’