এবার সখ্য সমুদ্রের সঙ্গে
ক্রিকেটারদের এর আগে পাহাড়ে ওঠার গল্প শুনিয়েছেন এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। এবার সমুদ্রের সঙ্গে কীভাবে সখ্য গড়তে হয়, সেটা শেখাবেন সার্ফার জাফর আলম। কক্সবাজারে আজ শুরু পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিনে সার্ফিং করবেন ক্রিকেটাররা। তাতে তাঁদের সঙ্গী হবেন সার্ফার জাফর আলম ও তাঁর দল।গত ৪ জুন শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পের শেষ পর্বটি হচ্ছে কক্সবাজারে। আজ দুপুরের বিমানেই সমুদ্রশহরে উড়ে যাবেন ক্রিকেটাররা। বিকেএসপিতে হওয়া পাঁচ দিনের আবাসিক ক্যাম্পের মতো এখানেও ব্যতিক্রমী অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। সার্ফিং তো থাকছেই, দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ জানিয়েছেন, একটি সেশন হওয়ার কথা পর্বতারোহণেরও। তবে সেটি উপযুক্ত পাহাড় পাওয়া সাপেক্ষে।দলের সঙ্গে যাচ্ছেন সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হওয়া নির্বাচক হাবিবুল বাশার। কক্সবাজারের কন্ডিশনিং ক্যাম্প নিয়ে তিনিও কম রোমাঞ্চিত নন, ‘ক্রিকেটারদের জন্য এই ক্যাম্প খুব ভালো হবে আশা করি। বিচ রানিংয়ের মতো অনেক পরিশ্রমী কাজ করতে হবে তাদের।’ সৈকতের বালুতে টানা ৮ কিলোমিটার দৌড়ানোর সেশনও আছে—পরিশ্রম তো হবেই!ইংল্যান্ডে থাকায় সাকিব আল হাসান ও সৈয়দ রাসেল কন্ডিশনিং ক্যাম্প করছেন না। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মাহমুদউল্লাহ শুরু থেকে থাকলেও যাচ্ছেন না কক্সবাজার। যাবেন না তামিম ইকবালও। ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়ার পূর্বপ্রস্তুতি নিচ্ছেন তিনি।