এবার সবুজ বিশ্বকাপ
এবারের বিশ্বকাপটা হতে যাচ্ছে সবুজ বিশ্বকাপ। এটা শুনে অবশ্য বিভ্রান্ত হতে পারেন। কারণ আগেই জানা গিয়েছিল, এবারের বিশ্বকাপটা নাকি দূষণের মাত্রায় ছাড়িয়ে যাবে আগের সব বিশ্বকাপকে, এমনকি গত বেইজিং অলিম্পিককেও।ফিফাও খুব ভালো করে জানে। বিশ্বজুড়ে যখন ‘গো গ্রিন’ স্লোগান উঠেছে, তখন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর পৃথিবীর কোটি কোটি মানুষকে ভুল বার্তা দিয়ে যেতে পারে না। তাই বিশ্বকাপে সম্ভাব্য দূষণের মাত্রা কমাতে তত্পর ফুটবলের অভিভাবক সংস্থাটি। এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধাপ এগিয়ে গেছে ফিফা। বিশ্বকাপের স্পনসর হিসেবে চুক্তি করেছে চীনের ইংলি গ্রিন এনার্জির সঙ্গে। সৌরবিদ্যুত্ উত্পাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি।বৈশ্বিক উষ্ণতা রোধে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতেই হবে। গত কোপেনহেগেন সম্মেলনে বিশ্বের সব নেতা একসঙ্গে আওয়াজ তুলেছেন ধরিত্রীকে বাঁচাতে হবে। কিন্তু ২০১০ বিশ্বকাপও দায়ী থাকবে দূষণের জন্য। গত জার্মানি বিশ্বকাপের চেয়ে এবার দূষণ হবে নয় গুণ বেশি!বেইজিং অলিম্পিকের তুলনায় আগামী বিশ্বকাপে দ্বিগুণেরও বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আনুমানিক হিসাব, এই বিশ্বকাপে সাড়ে ২৭ লাখ টন কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস নির্গমন হবে। বেইজিং অলিম্পিকে নির্গমন হয়েছিল ১১ লাখ ৮০ হাজার টন। এই ২৭ লাখ টনের মধ্যে ১৬ লাখই জোগান দেবে পৃথিবীর নানা প্রান্ত থেকে দক্ষিণ আফ্রিকাগামী বিমানগুলো।এই যখন পরিস্থিতি, তখন ইংলি গ্রিন এনার্জির সঙ্গে ফিফার চুক্তি হওয়াটা অবশ্যই সুখবর। তা ছাড়া এই প্রথম চীনের কোনো প্রতিষ্ঠান বিশ্বকাপের বৈশ্বিক পৃষ্ঠপোষক হিসেবে হাত মেলাল ফিফার সঙ্গে। তেল-গ্যাস-কয়লা পুড়িয়ে নয়; সূর্যের আলো, বাতাসের মতো নবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করে শক্তি উত্পাদনের প্রযুক্তি নিয়ে কাজ করে ইংলি। বিশ্বকাপে দূষণের মাত্রা যথাসম্ভব কমাতে আয়োজকদের প্রযুক্তি সাহায্যও দেবে তারা।ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার উচ্ছ্বসিত, ‘ইংলি গ্রিন এনার্জি প্রথম চীনা প্রতিষ্ঠান হিসেবে ফিফা বিশ্বকাপের গ্লোবাল স্পনসর হচ্ছে। এটা ঐতিহাসিক এক মুহূর্ত। একটি সুন্দর ভবিষ্যত্ নির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ; সেই যাত্রায় ইংলি আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় এবং তাদের অঙ্গীকারের জন্য আমি ওদের ধন্যবাদ জানাই।’ইংলি কত টাকা দিচ্ছে সেটা জানা যায়নি। তবে আফ্রিকায় ফিফার যে ২০টি ‘সেন্টার ফর ২০১০’ আছে, তার সবগুলোয় সৌরবিদ্যুত্-চালিত প্রযুক্তি বসিয়ে দেবে তারা। ওয়েবসাইট।