এবার সাদা পোশাক-লাল বল

বিসিএলের প্রথম পর্বের ম্যাচে আজ মধ্যাঞ্চল মুখোমুখি পূর্বাঞ্চলের, উত্তরাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের সঙ্গে
বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) শ্রীলঙ্কা সিরিজের ‘ম্যাচ অনুশীলন’ বলতে ঘোর আপত্তি আবদুর রাজ্জাকের। হতে পারে এটা মাঠে নামছে শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগে এবং এখানে দুটি ম্যাচ খেলা মানে টেস্টে ফেরার আগে দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলোয়াড়দের গা-গরমের একটা সুযোগ। তাই বলে বিসিএলের তাৎপর্য এটুকুতেই সীমাবদ্ধ বলে মানেন না প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অধিনায়ক।
বিকেএসপিতে আজ থেকে শুরু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর বিসিএল। লিগের বাকি তিন দলের অধিনায়কের দৃষ্টিভঙ্গিও রাজ্জাকের মতোই। বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চলই বলুন, কিংবা গতবারের চতুর্থ দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, সবার চোখ শিরোপাতেই। প্রথম পর্বের ম্যাচে জাতীয় লিগের ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের খেলোয়াড়দের নিয়ে গড়া মধ্যাঞ্চল মুখোমুখি হবে চট্টগ্রাম ও সিলেটের খেলোয়াড়দের নিয়ে গড়া পূর্বাঞ্চলের। অন্য ম্যাচে রাজশাহী-রংপুরকে নিয়ে গড়া উত্তরাঞ্চল খেলবে খুলনা-বরিশাল মিলে হওয়া দক্ষিণাঞ্চলের সঙ্গে। মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচের ভেন্যু বিকেএসপির দুই নম্বর মাঠ। অন্য ম্যাচটি হবে তিন নম্বর মাঠে।

‘অনেককে বলতে শুনছি বিসিএল নাকি শ্রীলঙ্কা সিরিজের প্র্যাকটিস টুর্নামেন্ট। এটা বললে আসলে টুর্নামেন্টটা হালকা হয়ে যায়। বিসিএল খুব ভালো একটা টুর্নামেন্ট, এটাকে প্র্যাকটিস হিসেবে নিলে হবে না’—কাল বলছিলেন রাজ্জাক। তবে মধ্যাঞ্চল অধিনায়ক মানছেন, ৫০ ওভারের ম্যাচ আর টি-টোয়েন্টি খেলার পর লাল বলে অভ্যস্ত হতে ভূমিকা রাখবে বিসিএল, ‘বিসিএলের একটা সুবিধা হলো আমাদের সরাসরি টেস্টে নামতে হবে না।’
প্রথম ম্যাচে রাজ্জাকের প্রতিপক্ষ উত্তরাঞ্চল অধিনায়ক মুশফিকুর রহিমও বিসিএলকে দেখতে চান একই দৃষ্টিতে। এটাকে ‘শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির অনেক বড় সুযোগ’ মানলেও প্রথম শ্রেণীর ক্রিকেটের যে আলাদা মর্যাদার কথাও মনে করিয়ে দিয়েছেন, ‘এটা প্রথম শ্রেণীর ক্রিকেট। এখানকার পারফরম্যান্স যার যার ক্যারিয়ারের সঙ্গে যোগ হবে। আর শ্রীলঙ্কা সিরিজে তো সবাই খেলবে না। যারা থাকবে, তাদের জন্য বিসিএল বড় সুযোগ। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা যা লাগে, খেলোয়াড়দের উচিত সেগুলো মনে রেখে খেলা। ডিসিপ্লিনগুলো যেন ঠিক থাকে।’
দলীয় লক্ষ্য অবশ্যই শিরোপা ধরে রাখা। তবে একই সঙ্গে মধ্যাঞ্চল অধিনায়ক মাহমুদউল্লাহর এবারের বিসিএলে একটা ব্যক্তিগত লক্ষ্যও আছে—নিজেকে ফিরে পাওয়া। কাল বলছিলেন, ‘আমার জন্য এটা বড় একটা সুযোগ, চ্যালেঞ্জও বলতে পারেন। জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট সিরিজে আমি খেলিনি। কাজেই ভালো খেলে নিজেকে প্রমাণের বিষয়ও আছে।’ বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাসের দিক দিয়ে হয়তো কিছুটা এগিয়ে থাকবে মধ্যাঞ্চল। তবে সেটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেছেন অধিনায়ক, ‘গতবারেরটা গতবার চলে গেছে। এটা আলাদা একটা টুর্নামেন্ট। জিততে হলে এখানেও কষ্ট করতে হবে। আয়েশে গা ভাসিয়ে দিলে চলবে না।’
ব্যক্তিগত লক্ষ্য আছে মাহমুদউল্লাহর প্রতিপক্ষ পূর্বাঞ্চল অধিনায়ক তামিম ইকবালেরও, ‘অনেক দিন পর চার দিনের ম্যাচ খেলতে নামব। প্রথম লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব সময় উইকেটে থেকে লাল বলে অভ্যস্ত হওয়া।’ টেস্টে ফেরার আগে বিসিএল এই সুযোগটা এনে দেওয়ায় খুশি তামিম ইকবাল। তবে এটিকে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি না ভেবে এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহটাকেই বড় করে দেখছেন পূর্বাঞ্চল অধিনায়ক।
বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রকে দলের মূল বোলার বললেও তামিম তাকিয়ে থাকবেন পেসার মাশরাফির দিকেও। ২০১২ সালের নভেম্বরে সর্বশেষ চার দিনের ম্যাচ খেলা মাশরাফি বিসিএল দিয়ে আবারও ফিরছেন দীর্ঘ পরিসরের ক্রিকেটে। শুধু তামিম নন, সাদা পোশাকে লাল বল হাতে মাশরাফিকে দেখার অপেক্ষায় বোধ হয় সবাই-ই।