এবার সাবেরকে নাজমুলের চ্যালেঞ্জ
বিসিবির নির্বাচন নিয়ে উত্তপ্ত বিতর্ক থেমে ছিল গত কদিন। কিন্তু কাল সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীকে বর্তমান সভাপতি নাজমুল হাসানের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জে সেটা বোধ হয় আবারও ফিরল। বিসিবি ও বিসিবির গঠনতন্ত্র নিয়ে সাবেক সভাপতিকে মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়েছেন বর্তমান সভাপতি।
এর আগে সাবের হোসেন চৌধুরীও এসব নিয়ে সামনাসামনি বিতর্কের আহ্বান জানিয়েছিলেন নাজমুল হাসানকে। কাল বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের সামনে সেটারই উত্তর দিলেন বর্তমান সভাপতি, ‘তিন-চার দিন আগে ওনার (সাবের চৌধুরী) সঙ্গে আমার দেখা হয়েছে। ওনাকে পরিষ্কারভাবে বলেছি, যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো জায়গায় আমি ওয়ান-টু-ওয়ান বসতে চাই।’ সম্ভাব্য সে ‘সম্মুখ সমরে’ গণমাধ্যমকেও আমন্ত্রণ জানিয়ে রাখলেন, ‘অবশ্যই সাংবাদিকদের সেখানে উপস্থিত থাকতে হবে। সংবাদ সম্মেলন করে চলুন বসি সবার সামনে। তবে কথাগুলো রেকর্ড হতে হবে। ওনাকে বলেছি কোনো চ্যানেলে বসতে চাইলেও বসতে পারেন। বোর্ড, গঠনতন্ত্র নিয়ে যে প্রশ্নই করবেন আমি উত্তর দেব।’
নির্বাচনের তারিখ ঘোষণা দূরে থাক, এখনো কাউন্সিলরদের নাম পাঠানোর চিঠিই বিসিবি পাঠায়নি ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে। কেন পাঠানো হয়নি, সে উত্তর স্পষ্টভাবে না দিলে কাল চিঠি পাঠানোর নতুন সময় দিলেন বিসিবি সভাপতি, ‘আমার দৃঢ়বিশ্বাস সাত-আট দিনের মধ্যে চিঠি চলে যাবে। সঠিক তারিখ এখনো ঠিক করিনি। কালকের (আজ) পর আমরা একদিন বসব।’ নির্বাচনের সম্ভাব্য সময়ও দিয়েছেন একটা, ‘আমাদের ইচ্ছা, এই মাসের মধ্যে নির্বাচনটা করা যায় কি না। সম্ভব হলে তাই করব। না হলে সামনের মাসের ৭-৮ তারিখ, কয়েকটা দিন হয়তো এদিক-সেদিক হতে পারে। এটা আমাদের পরিকল্পনা।’ বিসিবির নির্বাচন শেষ পর্যন্ত হবে না বলে যে সংশয় অনেকে প্রকাশ করছেন, সভাপতি উড়িয়ে দিয়েছেন সেটাও, ‘নির্বাচন অবশ্যই হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য আইসিসির বাধ্যবাধকতা আছে।’
বিসিবি সভাপতি কথা বলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও। কক্সবাজারে নির্মীয়মাণ স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ প্রধানমন্ত্রী। স্টেডিয়ামের নাম ঠিক করা হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পর্যটন মন্ত্রণালয়ের জায়গায় স্টেডিয়ামটি নির্মিত হওয়ার কথা অস্থায়ীভাবে। তবে নাজমুল হাসানের মুখে কাল শোনা গেল অন্য কথা, ‘এখন আমরা স্টেডিয়াম করছি। কিন্তু এখানে ক্রিকেট কমপ্লেক্সও হবে। আরও অনেক নির্মাণকাজ হবে। এর নাম হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যান্ড ক্রিকেট কমপ্লেক্স।’ এ নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস তাঁর।
গত বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলার অনুমতি দেয়নি পিসিবি। প্রশ্ন উঠেছে, এবার কি প্রিমিয়ার ক্রিকেট লিগেও পাকিস্তানি ক্রিকেটাররা নেই? সভাপতি বলেছেন, ‘পিসিবি তাদের খেলোয়াড়দের বিপিএলে খেলার ছাড়পত্র দেয়নি। এখন ওনারা যদি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ওখান থেকে কেউ যদি খেলার জন্য ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করে, তখন তাদের খেলতে দেওয়া না-দেওয়ার প্রশ্ন আসবে। এ মুহূর্তে পরিস্থিতি তখন যা ছিল, এখনো ঠিক তাই আছে।’