এবার সিংহাসনে সালমান বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের জানুয়ারির পর এ নিয়ে চতুর্থবারের মতো টেস্ট অধিনায়ক পাল্টাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চতুর্থবারে এসে অবশ্য ‘পাল্টাল’র চেয়ে ‘পাল্টাতে বাধ্য হলো’ বলাই ভালো। কারণ এবার পিসিবিকে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে হুট করে শহীদ আফ্রিদি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়ায়। গত টেস্টেই আফ্রিদি ছিলেন পাকিস্তানের অধিনায়ক। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, টানা তিন টেস্টে পাকিস্তান খেলছে ভিন্ন ভিন্ন তিন অধিনায়কের নেতৃত্বে! হোবার্টে অধিনায়ক ছিলেন মোহাম্মদ ইউসুফ, লর্ডস টেস্টে আফ্রিদি; ২১ জুলাই শুরু হতে যাওয়া হেডিংলি টেস্টের অধিনায়ক সালমান বাট!চার বছর পর টেস্টে ফিরে মাত্র এক ম্যাচ খেলেই আবার অবসরের ঘোষণা দেন আফ্রিদি। তবে সিরিজের শেষ ম্যাচটা খেলেই টেস্ট থেকে বিদায় নেওয়ার কথা ছিল তাঁর। ইনজুরি সেই ইচ্ছা পূরণ হতে দিল না। চোটের কারণে হেডিংলি টেস্টে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। এর আগে দুবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে আবারও ফিরে এসেছেন বলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আর না ফিরলে আফ্রিদির বিদায়ী টেস্ট হয়ে গেছে লর্ডসেই।গতকাল জরুরি বৈঠক করে হেডিংলি টেস্ট এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজের জন্যও বাটকে অধিনায়ক ঘোষণা করেছে পিসিবি। বৈঠকে পিসিবির সভাপতি ইজাজ বাট, টিম ম্যানেজমেন্টের সদস্যরা ছাড়াও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অংশ নেন শোয়েব মালিক, উমর আকমল, উমর গুল ও সালমান বাট নিজে। কিছুদিন ধরে সব ধরনের ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান বাট। এটি তারই পুরস্কার। তবে দীর্ঘ মেয়াদে তিনি দায়িত্ব পাবেন, নাকি নতুন অধিনায়ক খুঁজতে হবে পিসিবিকে, তা নির্ভর করছে বাটের দল চালানোর কৌশলের ওপর।লর্ডস টেস্টে ১৫০ রানে হেরে যাওয়ার পর কথা উঠেছিল অনভিজ্ঞ মিডল-অর্ডারকে শক্তপোক্ত চেহারা দিতে মোহাম্মদ ইউসুফ আর ইউনুস খানকে ফেরানো হোক। এই সম্ভাবনা নিয়েও কালকের বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন ইজাজ বাট। এ নিয়ে মতৈক্যে পৌঁছানো যায়নি। তবে চলতি মৌসুমে তাঁদের টেস্ট দলে ফেরার ভালো সম্ভাবনা আছে বলে জানিয়েছে পিসিবি সভাপতি।টেস্টের সাদা পৃথিবী থেকে সরে দাঁড়ালেও আফ্রিদি ওয়ানডে আর টি-টোয়েন্টির দায়িত্বে থাকবেন। তবে টেস্ট ক্রিকেট থেকে তাঁর সরে যাওয়ার ঘোষণা পাকিস্তানের ক্রিকেট মহলে দারুণ কৌতূহলের জন্ম দিয়েছে। কী এমন ঘটল, ফেরার ম্যাচেই টেস্ট ছাড়ার কথা বললেন আফ্রিদি?বিশ্বাস করা না-করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে দ্য নেশন পত্রিকার খবর, পিসিবি সভাপতির সঙ্গে কথাকাটাকাটির জেরেই নাকি টেস্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন আফ্রিদি। দলের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, দলের একটা গ্রুপ আফ্রিদিকে সরিয়ে সালমান বাটকে নেতৃত্বে আনতে চেয়েছিল। ব্যাপারটা বোর্ড চেয়ারম্যানের কানে গেলে তিনি খোঁজখবর নেওয়া শুরু করেন। এ নিয়ে আফ্রিদির সঙ্গে কথা বলতে গিয়েই নাকি দুজনের মধ্যে বাদানুবাদ।গত তিন বছরে পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তন হয়েছে ছয়বার। এমন ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের পেছনে কাজ করেছে দলের ভেতরে দলাদলি আর বিভক্তি। অথচ গত ২৫ বছরে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দেখেছে মাত্র চার অধিনায়ক—অ্যালান বোর্ডার, মার্ক টেলর, স্টিভ ওয়াহ এবং রিকি পন্টিং। পাকিস্তানের অধিনায়কের পদটি যেন বাংলা-বিহার-উড়িষ্যার নবাবের সিংহাসনটির মতোই! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।