এবার সিরিজ জয়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ওয়ানডের দুটিতেই জয়। বাকি তিন ম্যাচের একটিতে জিতলেও সিরিজ বাংলাদেশের। মুশফিকুর রহিমরা যে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে—এ কথা বলে ফেলাই যায়। বাংলাদেশের সামনে এখন সরল সমীকরণ। খুলনা থেকে ঢাকায় ফিরে কেবল তা মিলিয়ে নেওয়ার অপেক্ষা। ম্যাচ সেরা পুরস্কার হাতে নেওয়ার পর অভিষেক সেঞ্চুরি পাওয়া এনামুল হকের কণ্ঠে সিরিজ জয়ের আত্মবিশ্বাস, ‘আমরা দুটি ম্যাচ জিতেছি। অবশ্যই সিরিজও জিতব।’বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম সরাসরি সিরিজ জয়ের লক্ষ্যের কথাটা বললেন না। বলেননি কারণ, টানা দুটি বড় জয়ের পর তাঁর মাথায় হয়তো ওয়েস্ট ইন্ডিজকে ‘ধবলধোলাই’ করার ব্যাপারটাও ঘুরপাক খাচ্ছে! মুশফিকুর বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এখনো ভয়ংকর দল। তবে দল হিসেবে আমরাও ভয়ংকর। ঢাকায় ম্যাচগুলো হয়তো কঠিন হবে। তবে আশা করছি ঢাকাতেও একইভাবে জিতব আমরা।’খুলনায় আজকের ১৬০ রানের জয়টি রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়। দুর্দান্ত এ জয়ের পেছনে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন মুশফিকুর রহিম, ‘ছেলেরা সত্যি ভালো খেলেছে। বড় কথা হলো, সবাই দায়িত্ব নিয়ে খেলেছে।’বাংলাদেশ অধিনায়ক বলেন, তরুণ এনামুলের ইনিংসটা ছিল অসাধারণ। কঠিন পরিস্থিতিতে মমিনুল হকও ভালো ব্যাট করেছে। শেষের দিকে মাশরাফির ১৮ রান ভালো কাজে দিয়েছে। ও বোলিংও ভালো করেছে। সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, মাহমুদউল্লাহ, নাঈম সবাই ভালো বল করেছে।