এবার সিরিজ জয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* সিরিজটা কি ৪-০ জিততে পারবেন?** অসম্ভব নয়। ভালো খেলছি, তবে জানি, আমরা আরও ভালো খেলতে পারি।* প্রতিপক্ষ সম্পর্কে আপনার মূল্যায়ন কী?** ওদের দলে অনভিজ্ঞ খেলোয়াড় বেশি...থাক, এই প্রশ্নোত্তর পর্ব এখানেই থামিয়ে দিই। থামিয়ে দিচ্ছে আসলে বিস্ময়ের ঢেউ। প্রশ্নের মতো উত্তরগুলোও বাংলাদেশের সাংবাদিকদের খুব পরিচিত। তবে ঐতিহাসিকভাবে তা প্রতিপক্ষ দলের অধিনায়কের সংবাদ সম্মেলনে শুনে অভ্যাস। এখানে যে বক্তার নাম ড্যানিয়েল ভেট্টোরি নয়— সাকিব আল হাসান!বাংলাদেশ সফরে আসার পর বড় কোনো দলের অধিনায়কের প্রথম সংবাদ সম্মেলনে একটা প্রশ্ন প্রায় অবধারিত— লক্ষ্য নিশ্চয়ই হোয়াইটওয়াশ? এই প্রথম বাংলাদেশ দলের অধিনায়ক উল্টো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা নিয়ে গম্ভীর মুখে আলোচনা করলেন। এবং সেটিকে কী স্বাভাবিকই না মনে হলো!হ্যাঁ, একটু ঘোর-ঘোর তো লাগলই। রঞ্জির ব্যাটিং নিয়ে নেভিল কার্ডাস লিখেছিলেন, ‘আমরা কি সত্যিই তাঁকে দেখেছি! নাকি পুরোটাই গ্রীষ্মের মধ্য দুপুরের মায়াবী বিভ্রম!’ মিরপুর স্টেডিয়ামের ঠাসাঠাসি সংবাদ সম্মেলনকক্ষেও মনে হচ্ছিল, বাংলাদেশ-অধিনায়কের নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা নিয়ে আলোচনাও এমন কোনো বিভ্রম কি না!একটু আগে যা হয়ে গেছে, সেটিও কি এমন বিভ্রম-জাগানিয়া নয়? সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ড যেমন ছিল, তেমনি ছিল বৃষ্টি আর ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস নামের দুই সাহেব। তৃতীয় ম্যাচ, বৃষ্টির কল্যাণে যেটি আসলে হয়ে গেছে ‘দ্বিতীয়’, তাতে এমন কোনো আনুকূল্যের ধার ধারেনি বাংলাদেশ। ৪৩ ওভারের মধ্যে প্রতিপক্ষকে অলআউট করে দিয়ে ১০ ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয়ই ওয়ানডেতে ‘বিশাল জয়’-এর তকমা পেতে যথেষ্ট। ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, মাঠে বাংলাদেশের দাপট বোঝাতে এটাও আসলে কত অসমর্থ। যেনতেনভাবে জিতলেও নতুন ইতিহাস হতো। সাকিবরা ইতিহাস লিখলেন একেবারে নিজেদের ইচ্ছেমতো রঙে রাঙিয়ে।যে ‘নতুন ইতিহাস’-এর কথা হচ্ছে, তাতে একটা টীকা লাগে। শুধুই নিরাবেগ সংখ্যার কারবারি রেকর্ড-বই এটিকে নতুন ইতিহাসের স্বীকৃতি না দিয়ে বলবে, টানা দুই জয় নিয়ে এত মাতামাতির কী আছে, বাংলাদেশ তো বড় দলের বিপক্ষে টানা তিন ওয়ানডেও জিতেছে। টীকাটা হলো—গত বছরের ওই ওয়েস্ট ইন্ডিজ শুধু নামেই ‘বড়’ ছিল, আদতে তা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বড় কোনো দলকে টানা দুই ম্যাচে হারানোর কীর্তি হিসেবে এটিরই তাই ‘প্রথম’-এর মর্যাদা। বাংলাদেশের ২৩২ ম্যাচের ওয়ানডে-ইতিহাসে এই ম্যাচ দুটিকে একটু আলাদা করেই রাখুন।দ্বিতীয় ম্যাচটা কি তার মধ্যেও আলাদা? ম্যাচের চতুর্থ বলেই শফিউল ব্রেন্ডন ম্যাককালামকে ‘বিদায় বন্ধু, পরের ম্যাচে দেখা হবে’ বলে দেওয়ার পর থেকে ম্যাচে তো বাংলাদেশই রাজা। ১০১ রানে ৭ উইকেট ফেলে দেওয়ার পর টেলর আর মিলস একটু ঝামেলা করতে শুরু করেছিলেন। ব্যাটিং পাওয়ার প্লেতে ৫৫ রান, ওভারপ্রতি প্রায় পৌনে ৮ রান করে অষ্টম উইকেটে ৭২ রানের জুটি। ৪১.৫ ওভারে স্কোর ৭ উইকেটে ১৭৩—৪৯ বল বাকি, ছক্কা মনে হচ্ছে ছেলের হাতের মোয়া, কী রে বাবা! ২৩০-২৪০ হয়ে যাবে নাকি? অথচ ভোজবাজির মতো ওই ১৭৩ রানেই ইনিংস শেষ!শেষটায় সোহরাওয়ার্দীর কোনো ভূমিকা নেই। যা করার আগেই করে ফেলেছেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ৪ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট, ১০ ওভার শেষে...না, পুরো বোলিং বিশ্লেষণটাই তুলে দেওয়া উচিত: ১০-২-১৪-৩!নিজে বাঁহাতি স্পিনার, ড্যানিয়েল ভেট্টোরির তাই বাংলাদেশে এসে খুব ভালো লাগার কথা। অন্য অনেক দিক থেকে পিছিয়ে থাকতে পারে, কিন্তু যদি প্রশ্ন হয়—ক্রিকেট-বিশ্বে বাঁহাতি স্পিনারের খনি আছে কোন দেশে?—উত্তরটা ‘বাংলাদেশ’ই হবে। তবে কালকের ড্যানিয়েল ভেট্টোরির এসব ভাবাবেগে আক্রান্ত হওয়ার অবস্থা নয়। তাঁকে দেখে বরং মনে হলো, উত্তাল স্পিন-সাগরে ডুবুডুবু এক জাহাজের ক্যাপ্টেন! ওয়ানডে ইতিহাসে ‘এক দলে তিন বাঁহাতি স্পিনার’ অধ্যায়টায় শুধুই বাংলাদেশ আর বাংলাদেশ। কালকের আগে সর্বশেষ যে ম্যাচে তিন বাঁহাতি স্পিনার, সোহরাওয়ার্দীও শেষ খেলেছিলেন ওই ম্যাচেই। গত জুনে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ৮ ওভারে ৬৫ রান দিয়ে উইকেটশূন্য সোহরাওয়ার্দীর কী রাজকীয় প্রত্যাবর্তনই না ঘটল!শ্মশ্রুমণ্ডিত বাঁহাতি স্পিনারের এই রূপ যেমন নতুন, নতুন এমন আরও অনেক কিছুই উপহার দিল এই ম্যাচ। এমন দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের অধিনায়ক উচ্ছ্বাসে ভেসে যাবেন, খুবই স্বাভাবিক। সেই স্বাভাবিক ব্যাপারটিই ঘটল না। সাকিব আল হাসান উল্টো বিরক্তিভরে বললেন, ‘পাওয়ার প্লেতে বোলিং একদম ভালো হয়নি। আমাদের অনেক উন্নতি করার জায়গা আছে।’ এত দিন বাংলাদেশের বড় জয়ে যেখানে সব ত্রুটি আড়াল, সাকিবকে পোড়াচ্ছে ‘ছোট ছোট কিছু ভুল’-এর আক্ষেপ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের কথা বাদ দিন, এই মানসিকতাই বাংলাদেশের উন্নতির আসল স্মারক।বোলাররাই ৮০ ভাগ কাজ সেরে দিয়েছেন বলে ব্যাটসম্যানরা ‘কাব্যে উপেক্ষিত’ থেকে যাচ্ছেন। কিন্তু বাকি ২০ ভাগ কাজও কি গুবলেট হয়ে যেতে পারত না? হওয়ার প্রশ্নই ওঠেনি, কারণ বাংলাদেশের উদ্বোধনী জুটিই সেরে ফেলেছে এর ১৫ ভাগ। শাহরিয়ার নাফীস ও ইমরুল কায়েসের ১২৭ রানে বাংলাদেশের তৃতীয় সেরা শুরু। নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের নতুন রেকর্ডও। অতীত হয়ে গেল তৃতীয় উইকেটে জুনায়েদ ও আশরাফুলের ১০৯। এটি মিরপুরেই দুই বছর আগের ওই ম্যাচে, যাতে ‘নিউজিল্যান্ড অবধ্য নয়’ বলে প্রথম প্রমাণিত।শাহরিয়ারের ৭৩ বলে ৭৩ বাড়তি কটা লাইন দাবি করে। মাত্র ৬ ইনিংস আগেই ওয়ানডেতে তাঁর সর্বশেষ হাফ সেঞ্চুরি। এতে কী ভুলই না বোঝার অবকাশ থাকে! মাঝখানে যে কেটেছে আড়াই বছরেরও বেশি। আইসিএলে পথভ্রষ্ট শাহরিয়ারের শাপমোচন হলো কালকের এই ইনিংসে।তবে সবচেয়ে আলোচিত ইনিংসের মর্যাদা এটি পাচ্ছে না। সেই স্বীকৃতি ৫৩ বলে অপরাজিত ১৮ রানের। খেলেছেন রকিবুল হাসান। ১৩৯ বলে চাই ৪০ রান—এই পরিস্থিতিতে রকিবুল আর জুনায়েদ কীভাবে ১০.২ ওভারে ২৫ রানের একটা জুটি গড়তে সক্ষম হলেন, সেটিই এই ম্যাচের সেরা বিস্ময়।লাভ অবশ্য একটা হয়েছে। উল্টো ওষুধ দেওয়া গেছে নিউজিল্যান্ডকে। ২০০৭ সালের শেষ দিনে কুইন্সটাউন ওয়ানডের কথা মনে আছে? ওই যে ৬ ওভারেই বাংলাদেশের ৯৩ টপকে লাঞ্চের মধ্যেই খেলা শেষ করে দিয়েছিল নিউজিল্যান্ড। ২৮ বলে ৮০ রানের আসুরিক এক ইনিংস খেলে বাংলাদেশকে অধোবদন করে দেওয়ার নেতৃত্বে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কাল ম্যাককালাম শূন্য এবং পরাজয় নিশ্চিত জেনেও রকিবুলের কল্যাণে অকারণে পুড়লেন রোদে। সেদিন যদি ফায়ারিং স্কোয়াডে বাংলাদেশের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে, কাল নিউজিল্যান্ডের মৃত্যু ‘স্লো পয়জনিং’য়ে!প্রতিশোধ একইভাবে নিতে হবে, এমন তো কোনো কথা নেই!