এবার সুযোগ অস্ট্রেলিয়ার

সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স মনে করছেন, অধরা টি-টোয়েন্টি বিশ্বকাপটা এবার তাঁর উত্তরসূরিদের হাতে উঠছে। সিডনি মর্নিং হেরাল্ডকে জানানো জোন্সের বিশ্লেষণে, তিনটি বিষয় ঠিক করে দেবে অস্ট্রেলিয়ার সম্ভাবনা—প্রথম ও শেষ ছয় ওভারের ব্যাটিং ও অন্তিম ওভারগুলোর বোলিং। একই সঙ্গে ব্যবচ্ছেদ করেছেন প্রতিপক্ষ দলগুলোর, অনুসন্ধান করেছেন তাদের শক্তি-দুর্বলতা।
বাংলাদেশ
মূল শক্তি স্পিনাররা ও পাওয়ার হিটাররা। দুর্বলতা প্রথম তিন ব্যাটসম্যান ও শেষ ওভারের বোলিং।
ভারত
পরিষ্কার ফেবারিট। ব্যাটিংয়েই ওরা পার্থক্য গড়ে দিতে পারে, ওদের হারানোই সবচেয়ে কঠিন হবে। বোলিংটা স্পিননির্ভর। তবে শিশির বোলারদের ঝামেলায় ফেলতে পারে।
পাকিস্তান
টুর্নামেন্টটা ওরাও জিততে পারে। কয়েকজন পাওয়ার হিটার ও দারুণ স্পিনার আছে। ভালো ফাস্ট বোলারও আছে। মূল দুর্বলতা ফিল্ডিং। ওরা এখন ফর্মে আছে।
ওয়েস্ট ইন্ডিজ
মেজাজে থাকলে গতবারের চ্যাম্পিয়নরা যে কাউকেই হারাতে পারে। গেইল ও নারাইন সবার জন্য চিন্তার কারণ হতে পারে। ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে খুব স্বচ্ছন্দ নয়।
নিউজিল্যান্ড
দারুণ আত্মবিশ্বাসে আছে। ব্যাটিংটা আরও ভালো হচ্ছে। মূল দুশ্চিন্তা বোলিং।
শ্রীলঙ্কা
ওদের নিয়ে কিছুই বলা যায় না। সহজ গ্রুপে পড়েছে, বাংলাদেশ ওদের পছন্দের জায়গা। অন্তিম ওভারগুলোতে মালিঙ্গার চেয়ে ভালো কেউ নেই।
দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ তাদের প্রিয় মৃগয়াক্ষেত্র নয়। ব্যাটিংটা খুবই ভালো, কিন্তু ভালো কোনো স্পিনার নেই। স্টেইন ও ডু প্লেসিসের চোটশঙ্কাও আছে।
ইংল্যান্ড
শেষ ওভারগুলোতে ভালো করার বোলার নেই। নেই ভালো স্পিনার। সে রকম কোনো পাওয়ার হিটারও নেই, দলও নেই ফর্মে।