এবার সেঞ্চুরি এনামুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল: ১১০
এনামুল: ১১০

নটিংহামশায়ারের বিপক্ষে বিস্ফোরক সেঞ্চুরি করেছিলেন জিয়াউর রহমান। ২৯২ রান করেও অবশ্য ম্যাচটি হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। কাল উস্টারশায়ারের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক। ৮ উইকেটে ২৭৪ রান করে কালও হেরেছে ‘এ’ দল। নিউ রোডের কাউন্টি গ্রাউন্ডে ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জিতেছে স্বাগতিক উস্টারশায়ার। ১০১ রান করেছেন দলটির ওপেনার ড্যারিল মিচেল।
এনামুল হক ও শামসুর রহমান উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ৭৭ রান করার পর বিচ্ছিন্ন হন। ২২ রান করে শামসুরের বিদায়ের ২৫ রান পর আউট অধিনায়ক জহুরুলও (৯)। জাতীয় দলের সতীর্থ মমিনুলকে নিয়ে এর পরই ‘এ’ দলের ইনিংসের সবচেয়ে বড় ৯৬ রানের জুটিটি গড়েন এনামুল। ১২২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১১০ রান করে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন এই ডানহাতি। ‘লিস্ট এ’ ম্যাচে এনামুলের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি গত ডিসেম্বরে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ২০ বছর বয়সী ব্যাটসম্যান।
৬ চার ও ১ ছয়ে ৬০ বলে মমিনুল করেছেন ৬৪। এ ছাড়া বলার মতো রান পেয়েছেন শুধু নাঈম ইসলাম। ৬ চার ও ১ ছয়ে ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। উস্টারের বাঁহাতি স্পিনার শাইক চৌধুরী ৩৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
কাউন্টি দলগুলোর বিপক্ষে ‘এ’ দলের এটাই শেষ ম্যাচ। এরপর ইংল্যান্ড লায়নসের (‘এ’ দল) বিপক্ষে তিন ম্যাচের বেসরকারি ওয়ানডে সিরিজ, যার প্রথমটি আগামী ২০ আগস্ট ব্রিস্টলে। তথ্যসূত্র: ক্রিকইনফো।