এফএ কাপকে প্রায় নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল চেলসি। সর্বশেষ ছয়টি প্রতিযোগিতার চারটিতেই স্ট্যামফোর্ড ব্রিজে কাপ নিয়ে গেছে তারা। কিন্তু এবার সেই চেলসিরই আর খেলা হচ্ছে না এফএ কাপের ফাইনালে। গতকাল দারুণ উত্তেজনার এক ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে তারা হেরেছে ২-১ গোলে।ওয়েম্বলির সেমিতে কাল ম্যাচের ৩৫ মিনিটে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন সামির নাসরি। সার্জিও অ্যাগুয়েরো ছিলেন নাসরির গোলটির মূল রূপকার। সিটির পক্ষে দ্বিতীয় গোলটি করেন সেই অ্যাগুয়েরোই। ৬৬ মিনিটে রবার্তো মানচিনির শিষ্যদের একটি গোল ফিরিয়ে দেন চেলসির স্ট্রাইকার ডেমবা বা। খেলায় গোলটি কেবল উত্তেজনাই বাড়িয়েছিল। তবে ওই গোলটি চেলসির জন্য সমতাসূচক গোলের পথ পরিষ্কার করতে পারেনি।২০১১ সালে এফএ কাপ জিতেছিল ম্যানচেস্টার সিটি। এবারের ফাইনালে তাদের লড়াই তুলনামূলক অখ্যাত দল উইগান সিটির সঙ্গে। তাই ফেবারিট তকমাটি গায়ে এঁটেই সিটি এবারের এফএ কাপের ফাইনালে মাঠে নামবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ৩১ ম্যাচে মাত্র আটটিতে জয় পাওয়া উইগানকে ফাইনালে পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন না কোচ মানচিনি। বলেছেন, ‘সবাই মনে করবে যে এই ম্যাচে আমরাই ফেবারিট। কিন্তু ৯০ মিনিটের খেলায় যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা জানি যে, উইগান ভালো খেলে। আর আমরা যদি তাদের হারাতে চাই, তাহলে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’ রয়টার্স