এবার সেরা চতুষ্টয়ের কোনজন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার র্যাঙ্কিং পদ্ধতি চালুর ৪০তম বার্ষিকীতে নিউইয়র্কে পুরুষ টেনিসের বর্ষশেষের ‘নাম্বার ওয়ান’দের মিলনমেলায় এক ফ্রেমে জোকোভিচ, নাদাল ও ফেদেরার (বাঁয়ে)।  অ্যান্ডি মারের সেখানে থাকার সৌভাগ্য হয়নি, কিন্তু গতবারের চ্যাম্পিয়নকে নিয়ে না ভেবে উপায় নেই ওই তিনজনের ষ  এএফপি ও রয়টার্স
গত শুক্রবার র্যাঙ্কিং পদ্ধতি চালুর ৪০তম বার্ষিকীতে নিউইয়র্কে পুরুষ টেনিসের বর্ষশেষের ‘নাম্বার ওয়ান’দের মিলনমেলায় এক ফ্রেমে জোকোভিচ, নাদাল ও ফেদেরার (বাঁয়ে)। অ্যান্ডি মারের সেখানে থাকার সৌভাগ্য হয়নি, কিন্তু গতবারের চ্যাম্পিয়নকে নিয়ে না ভেবে উপায় নেই ওই তিনজনের ষ এএফপি ও রয়টার্স

দুর্দান্ত ফর্মের নাদাল, র‌্যাঙ্কিং শীর্ষের জোকোভিচ, সদ্য উইম্বলডনজয়ী মারে, নাকি আরও একবার রজার ফেদেরার? নিউইয়র্কের ফ্লাশিং মিডোয় আজ থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লামের শেষ হাসি থাকবে কার মুখে? ছাই রঙের স্যুট। নীল শার্টের সঙ্গে নীল টাই। রোদচশমায় চোখ ঢেকে সেদিন অল-ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতে বসে ছিলেন পিট সাম্প্রাস। ক্যালিফোর্নিয়া থেকে লন্ডন, ১০ ঘণ্টার দীর্ঘ উড়ান। কিন্তু ইতিহাসের সাক্ষী হতে হলে এই দীর্ঘভ্রমণ তো তুচ্ছ। কী ইতিহাস? টেনিস সাম্রাজ্যে নতুন রাজার অভিষেক। যে সাম্রাজ্য একদিন সাম্প্রাসেরই ছিল। সেদিনের আগ পর্যন্ত রাজমুকুটও ছিল তাঁর। কিন্তু চার ঘণ্টার বেশি গ্যালারিতে কাটিয়ে সাম্প্রাস দেখলেন সেই রাজমুকুট উঠল আরেকজনের মাথায়। কালো চশমায় ঢাকা ছিল বলে অনুভূতিটা ঠিক পড়া যায়নি। এমনকি অ্যান্ডি রডিক যখন ম্যাচ শেষে এসে বললেন, ‘দুঃখিত পিট, আমি অনেক চেষ্টা করেছি ওকে থামাতে কিন্তু পারলাম না’, তখনো বোঝা যায়নি সাম্প্রাস খুশি নাকি ব্যথিত! সে অনুভূতি হয়তো কোনো দিনই জানা যাবে না। কিন্তু ম্যাচ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় পেশাদারির কোনো কমতি রাখেননি আমেরিকান টেনিস তারকা, ‘রজার ফেদেরার কিংবদন্তি। আমি খুব খুশি যে রেকর্ডটা শেষ পর্যন্ত ওর হয়েছে।’

দিনটা ছিল ৫ জুলাই, ২০০৯। সাম্প্রাসের ১৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড ভেঙে উইম্বলডনে সেদিন নিজের ১৫তম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন রজার ফেদেরার।
খুব বেশি দিনের কথা তো নয়। এরই মধ্যে ফুরিয়ে গেলেন ফেদেরার? উইম্বলডনে সেই স্মরণীয় জয়ের পর গত চার বছরে আর মাত্র দুটি গ্র্যান্ড স্লাম, র‌্যাঙ্কিংয়ে নামতে নামতে এখন সাতে। ফর্ম এতটাই বাজে যে আজ থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে তাঁর পক্ষে বাজি ধরার লোক হয়তো হাতে গোনা। দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল নাদাল, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ আর সদ্য উইম্বলডন জিতে আসা অ্যান্ডি মারের পাশে তিনি অনেকটাই ম্লান। আছেন ‘কালো ঘোড়া’ হুয়ান মার্টিন দেল পোত্রোও। গত পাঁচ বছরে একবার করে ইউএস ওপেন জিতেছেন এঁরা সবাই। এর বাইরে থেকে এসে কেউ তাক লাগিয়ে দেবেন—পুরুষদের টেনিসে এমন দিন হয়তো এখনো আসেনি।
শেষ গ্র্যান্ড স্লাম জয়ের পর বছর দেড়েক পেরিয়ে গেছে। এর মধ্যে বলার মতো কোনো জয়ই নেই! পড়তি ফর্ম আর শরীরের বয়সের ছাপ মিলিয়ে অবস্থা এতই বাজে যে জন ম্যাকেনরো আগেই বলে দিতে পারছেন, ‘আমার মনে হয় না আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারবে ফেদেরার। এই বয়সে এটা ওর জন্য খুবই, খুবই কঠিন কাজ।’
ইউএস ওপেনে কি তাহলে কোনো আশা নেই সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকার? ফেদেরার নিজে অবশ্য এটা মানছেন না, ‘মানুষ যা ইচ্ছা বলতে পারে, তবে চার থেকে সাতে নামা খুব বড় অবনমন নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে খেলায় মনোযোগ দেওয়া এবং আমার মধ্যে এই একাগ্রতা এখনো আছে। আমি যদি ঠিকঠাক প্রস্তুতি নিই তাহলে আমার বিশ্বাস এখনো জিততে পারি।’
আরও বড় দুঃসংবাদ, সবাইকে ভুল প্রমাণ করে যদি ফেদেরার শিরোপা পর্যন্ত যেতে চান তার আগেই তাঁর পেরোতে হবে ‘নাদাল-বাধা’। ড্রয়ে এটুকু অন্তত নিশ্চিত, নিজ নিজ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালেই দেখা হবে দুজনের। চোট নিয়ে সাত মাস বাইরে কাটিয়ে কোর্টে ফেরা নাদাল গত ফেব্রুয়ারি থেকেই অবিশ্বাস্য ফর্মে। এই সময়ে পাঁচটি মাস্টার্সসহ জিতেছেন ৯টি শিরোপা, ৫৩ জয়ের পাশে হার মাত্র ৩টিতে! চোটের কারণে গত ইউএস ওপেনে খেলতে না-পারা নাদালকে এবার ‘হট ফেবারিট’ মানছেন শিরোপার আরেক দাবিদার জোকোভিচও, ‘এই বছরে সে-ই সেরা খেলোয়াড়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যানই সব বলে দিচ্ছে।’
জোকোভিচ নিজেও গত তিনটি ইউএস ওপেনের ফাইনালে খেলেছেন। এর মধ্যে জিতেছেন ২০১১ সালে। গত বছর মারের কাছে হেরেছিলেন ফাইনালে। এবার অবশ্য দুজনের দেখা হয়ে যেতে পারে সেমিফাইনালেই। ব্রিটিশদের ৭৭ বছরের উইম্বলডন-আক্ষেপ ঘোচানো মারের অবশ্য ভালো যায়নি এর পরের সময়টা। মন্ট্রিয়ল মাস্টার্সের তৃতীয় রাউন্ডে হেরেছেন, সিনসিনাটিতে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। তবে মাঝের এই সময়টা ভুলে গিয়ে মারে প্রেরণা নিতে চাইছেন উইম্বলডন থেকেই, ‘অনেক বছর ধরে আমার ওপর গ্র্যান্ড স্লাম আর উইম্বলডন জয়ের চাপ ছিল। আমার মনে হয় এবার আর সেই চাপ নেই।’
চাপ নিয়েও তো উইম্বলডনের ফাইনালে জোকোভিচকে উড়িয়ে দিয়েছিলেন মারে। এবার চাপহীন মারের সঙ্গে যদি দেখা হয়ে যায় সেমিফাইনালে, জোকোভিচ পারবেন তাঁকে থামাতে? এএফপি।