এবার সোনা আনলেন মেসবাহ
গত তিন দিনের অনেক নিয়মিত দর্শকই তখনো এসে পৌঁছায়নি। আর এ সময়ই আসে সাফল্য। কাল সকাল সাড়ে ১০টায় উশুর তাওলু ইভেন্টে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে পাঁচ দেশের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বাংলাদেশের মেসবাহউদ্দিন জিতে নেন সোনা। সিলেট বিকেএসপিকে সকাল সকালই মাতিয়ে তোলেন উত্সবে।কিন্তু সাফল্যের নায়ক যিনি, তাঁর কাছে এই সাফল্য যেন কোনো ব্যাপারই না! কাছে ভিড়তেই বললেন, ‘ভাই, বাংলাদেশের জন্য কিছু করতে পারছি, এটাই বড় কথা। আমি দেশের জন্য ভবিষ্যতে আরও সাফল্য আনতে চাই। আমার জন্য দোয়া করবেন।’ ততক্ষণে শুরু হয়ে গেছে আনন্দের বন্যা, চলছে একে অন্যকে জড়িয়ে ধরা। থেমে থেমে চিত্কারও উঠল, ‘আহ্! বাংলাদেশ, বাহ্! বাংলাদেশ।’এই আনন্দের মধ্যেও সবার চোখ আটকে গেল একটা দৃশ্যে। বাংলাদেশের সাফল্যে রুপা আর ব্রোঞ্জ জেতা ভারত-নেপালের খেলোয়াড়েরাও দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। এর মধ্যেই দৌড়ে এলেন বাংলাদেশের পক্ষে উশুর সানসু ইভেন্টে প্রথম সোনা জিতে ইতিহাস গড়া ইতি ইসলাম। এসেই জড়িয়ে ধরলেন মেসবাহউদ্দিনকে। দুজনেই বিশাল এক লাল-সবুজের পতাকা শরীরে জড়িয়ে নিয়ে ছবির জন্য পোজ দেন হাস্যোজ্জ্বল মুখে।বরিশালে জন্ম হলেও বাবার চাকরি সূত্রে ঢাকায় বেড়া ওঠা মেসবাহউদ্দিনের। মায়ের উত্সাহে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হয়ে ওঠেন। ১৯৯৫ সাল থেকে নিয়মিত মার্শাল আর্ট খেলতে শুরু করেন। ২০০৮ সালে তৃতীয় দক্ষিণ এশিয়া উশু চ্যাম্পিয়নশিপে জিতেছেন দুটি সোনার পদক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গতকাল এসএ গেমসে সোনা জেতা তাঁর তৃতীয় সাফল্য। ১৮.২২ পয়েন্ট পেয়ে সোনা জিতেছেন ২৮ বছর বয়সী মেসবাহউদ্দিন। ভারতের এস সমরজিত্ ও শ্রীলঙ্কার আর রবীন্দ্র সিলভা যথাক্রমে ১৮.২০ ও ১৮.০১ পয়েন্ট পেয়ে জিতেছেন রুপা ও ব্রোঞ্জ।সোনা জয়ের মুহূর্তে মেসবাহউদ্দিন কিছু হতাশা আর ক্ষোভ-দুঃখের কথাও শোনালেন, ‘বাংলাদেশে উশুর বিশাল সম্ভাবনা রয়েছে। অথচ এ খেলায় কোনো ধরনের পৃষ্ঠপোষকতা কিংবা প্রচার-প্রসার নেই। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমার বিশ্বাস, অল্পদিনেই বাংলাদেশ বিশ্বে এ খেলায় একক আধিপত্য দেখাতে পারবে।’