এবার স্কলারিই ব্রাজিলের ঢাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেডের উদ্‌যাপনের সঙ্গী ব্রাজিল-সতীর্থ হাল্ক। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়টা এসেছে এই গোলেই l এএফপি
ফ্রেডের উদ্‌যাপনের সঙ্গী ব্রাজিল-সতীর্থ হাল্ক। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়টা এসেছে এই গোলেই l এএফপি

এমন সতর্কবার্তা আগেই দিয়ে রেখেছিলেন পেলে। স্বাগতিক সমর্থকদের সন্তুষ্ট করা সহজ কাজ নয়।
বিশ্বকাপের ফেবারিট অনুমান করতে গিয়ে অতীতে অনেকবার ভুল প্রমাণিত হয়েছেন ফুটবলের রাজা। সেটা নিয়ে নানা রকম রসিকতাও আছে। তবে এ ক্ষেত্রে তাঁর কথাটাই সত্যি হলো। ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে সেই আভাস খুবই স্পষ্ট।
পানামাকে চার গোলে হারানোর ম্যাচটাতেও দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল স্কলারির ছাত্রদের। পরশু সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে প্রথমার্ধের মিনিট বিশেক যেতেই আবার দুয়ো। বিরতির পর মিনিট দশেক পেরিয়ে যাওয়ার পরেও যখন গোল হচ্ছে না, সেই দুয়ো ততক্ষণে স্লোগানে রূপ নিয়েছে। কেউ স্কলারির মুণ্ডুপাত করছেন, কারও দাবি সাও পাওলোর ঘরের ছেলে লুইস ফ্যাবিয়ানোকে দলে ফেরানোর! অবশেষে ৫৮ মিনিটে থিয়াগো সিলভার পাস থেকে ফ্রেডের গোলে অধৈর্য দর্শকেরা কিছুটা শান্ত হলেন৷ শেষ পর্যন্ত ব্রাজিল জিতেছে ওই এক গোলেই। তবে মন ভরেনি সমর্থকদের৷
ম্যাচের পর সংবাদ সম্মেলনেও খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা ঘুরে-ফিরে এল। তবে সমর্থকদের এই অতি চাওয়ার মানসিকতাকে খুব বড় সমস্যা বলে মানতে নারাজ স্কলারি, ‘আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছি। গুইয়ানিয়ায় আগের ম্যাচে কিংবা অন্যান্য মাঠেও এ রকম হয়েছে। আমার খেলোয়াড়দের জন্য এটা বড় সমস্যা নয়। আমার তো মনে হয় শেষ বাঁশির পর ৬৭ হাজার দর্শকের ৬৫ হাজারই সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে গেছে।’
পানামার বিপক্ষে আগের ম্যাচে বড় জয়ের পরও পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট ছিলেন ব্রাজিল কোচ। কিন্তু পরশু ঘাম ঝরানো জয়ের পর সেই স্কলারিই সমালোচনার তির সামলাতে ঢাল হয়ে দাঁড়ালেন ছাত্রদের সামনে। সাদামাটা পারফরম্যান্সের কারণে নেইমার-অস্কারদের দায়ী না করে কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকে, ‘সার্বিয়া খুবই ভালো খেলেছে। আমি ওদের লাইনআপ দেখেই বুঝেছি, ম্যাচটা সহজ হবে না আমাদের জন্য।’
জয়ের ব্যবধানটা অবশ্য আরও বড় হতে পারত। তবে ৭৩ মিনিটে হাল্ক সার্বিয়ার জালে বল পাঠানোর পর অফসাইডের সংকেতে সেটা বাতিল করে দেন রেফারি। শেষ মুহূর্তে একটা সুযোগ নষ্ট করেছেন ফ্রেডের বদলি হিসেবে নামা জো-ও। সার্বিয়ার বিপক্ষে খেলা এই দলটি নিয়েই হয়তো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচটাতে সমর্থকদের খুব বেশি সন্তুষ্ট করতে না পারলেও ভুলত্রুটি শুধরেই বিশ্বকাপে নামতে পারবেন বলে আশাবাদী ব্রাজিল মিডফিল্ডার অস্কার, ‘আজ সার্বিয়া খুব ভালোভাবেই রক্ষণ সামলেছে। তবে আমরা আরও অনুশীলন করব। আশা করছি ক্রোয়েশিয়ার বিপক্ষে আমরা আরও ভালো খেলতে পারব। আজ প্রথমার্ধে আমাদের কিছু ভুল পাস হয়েছে। সাধারণত এমন হয় না। কিন্তু আমি নিশ্চিত, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সবকিছু ভালোভাবেই হবে।’ এএফপি, রয়টার্স।