এবার স্পিনারের খোঁজে
ফাস্ট বোলার অন্বেষণ কর্মসূচির পর এবার স্পিনারের খোঁজে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ‘খোঁজ: দ্য নাম্বার ওয়ান স্পিনার’ নামের এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশের নানা প্রান্ত থেকে তরুণ সম্ভাবনাময় স্পিনার খুঁজে বের করা। এতে অংশ নেবে ১৬ থেকে ২৩ বছর বয়সী ছেলেমেয়েরা। আজ থেকে শুরু এ কর্মসূচির প্রথম পর্ব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রাথমিক পর্বে প্রতিটি জেলায় ছেলেমেয়ে মিলিয়ে নির্বাচন করা হবে সর্বোচ্চ ২৫ জন স্পিনার। এই পর্ব থেকে নির্বাচিত স্পিনাররা অংশ নেবে ৩ থেকে ১৭ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বে। পর্বটি হবে ১০টি বিভাগীয় বা সমপর্যায়ের ভেন্যুতে। দ্বিতীয় পর্ব থেকে নির্বাচিত ৬০ জন স্পিনার অংশ নেবে ২০ থেকে ২৭ মার্চ মিরপুরে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে। এই পর্ব শেষ ঘোষণা করা হবে ১০ জন বিজয়ীকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আনাম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, রবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক ও কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির।