এবার স্মিথদের প্রতিবাদ
ইসিবি প্রধানের দাবিকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী। প্রতিবাদে আরেক ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ডেভিড কোলিয়ারের দাবিকে অস্বীকার তো করেছেনই, কোলিয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছেন গ্রায়েম স্মিথরা। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কদিন আগে ইসিবি প্রধান কোলিয়ার বলেছিলেন, পিটারসেনের খুদে বার্তা বিতর্ক উসকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররাই। ইংলিশদের সেরা ব্যাটসম্যানের মনোযোগ নাড়িয়ে দিতেই নাকি এই কূটকৌশল বেছে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকানরা।পরশু দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে টেস্ট অধিনায়ক স্মিথ বলেছেন, ‘নৈতিকতা ও ক্রীড়াচেতনায় বিশ্বাসী একটি দল হিসেবে আমরা গর্ব বোধ করি। খেলাটার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে আমরা অনেক গুরুত্ব দিই। লড়াইয়ে আমরা কাউকে ছাড় দিতে চাই না কিন্তু অন্যায় কিছুও করি না। কৌশল হিসেবে অমন কিছু করেছি বলাটা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয়।’ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান টনি আইরিশ বলেছেন, ‘মি. কোলিয়ার বলেছেন তিনি নিজে বা তাঁর কোনো প্রতিনিধি কোনো খুদে বার্তা দেখেননি, কেভিন (পিটারসেন) নিজেও কখনো বলেনি ওকে উসকানো হয়েছে। তো কোলিয়ারের দাবির ভিত্তি কী? আন্তর্জাতিক ক্রিকেটে উত্তেজনাকর কিছু বললে বা দাবি করলে ক্রিকেটারদের শাস্তি পেতে হয়। আমাদের ক্রিকেটাররা মনে করে, প্রশাসকদের ক্ষেত্রেও এমনটাই হওয়া উচিত। বিশেষ করে প্রকাশ্যে এমন কিছু বললে। কোলিয়ারের ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছে আমাদের ক্রিকেটাররা।’ রয়টার্স।