এবার হংয়ের উল্টো স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যারেনা করিন্থিয়ান্সের টানেল ধরে যখন বেরিয়ে আসছেন, এক যুগ আগের গুয়াংজুর রাতটি কি মনে পড়ছিল হং মিউং বোর? দেশের মাটিতে বিশ্বকাপে সেিদন ইতিহাস গড়েছিল দক্ষিণ কোরিয়া। এশিয়ার প্রথম দল হিসেবে উঠেছিল সেমিফাইনালে। স্পেনকে হারানো টাইব্রেকারে দলকে জয় এনে দেওয়া গোলটি এনে দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক হং। পরশু সেই হং বিশ্বকাপ মঞ্চ ছাড়লেন মাথা নিচু করে, এবার কোচের ভূমিকায়। তবে ব্যর্থতার কোনো অজুহাত দেখাননি সাবেক ডিফেন্ডার। দলের ব্যর্থতার পুরো দায় নিয়েছেন নিজের কাঁধে।
২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দক্ষিণ কোরিয়া গত বিশ্বকাপেও গ্রিস-নাইজেরিয়াকে টপকে খেলেছে শেষ ষোলোয়। হংয়ের কোচিংয়ে সেই দল এবার বিদায় নিল গ্রুপের তলানিতে থেকে। সম্বল মোটে এক পয়েন্ট, সেই পয়েন্টও এসেছে রুশ গোলকিপারের ভুল থেকে পাওয়া গোলে। দায়টা নিজের কাঁধে নিয়ে দলের অভিভাবক আড়াল করলেন ছেলেদের, ‘আমার ছেলেরা নিজেদের উজাড় করে খেলেছে, সবটা দিয়ে চেষ্টা করেছে। ঘাটতি যত ছিল, সব আমার। কোচ হিসেবে আমি পারিনি বলেই পারেনি দল।’
এই পারফরম্যান্সের পর চাকরিটা আর না থাকাই স্বাভাবিক। তবে কোরিয়ার সর্বকালের সেরা ফুটবলারদের একজন মনে করা হয় হংকে, বিশ্বকাপে ব্রোঞ্জ বল বিজয়ী একমাত্র এশিয়ানও তিনি। এই মাপের একজনকে দায়িত্ব থেকে সরাতে খানিকটা অস্বস্তি থাকতে পারে দেশটির ফেডারেশনে। হংও নিজে সরে দাঁড়ানোর কথা ভাববেছন না এখনো, ‘লোকে কী বলল, সেটা আমাকে মোটেও ভাবায় না। আমি নিজের ভাবনামতোই চলি। ভবিষ্যৎ এখনো ভাবিনি, পরে চিন্তা করে দেখব। তবে এই মুহূর্তে বলতে পারি, এই দলটা তরুণ এবং অনেক সম্ভাবনাময়। দলটায় আমার আস্থা অনেক। ওদের নিয়ে কাজ শুরু করেছি, কাজটা শেষ করতে চাই।’ এএফপি, রয়টার্স।