এবার হলো না আরিফুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুটি আসরে ১৩টি ইভেন্টে পুলে নেমে ১৩টিতেই সোনা জিতেছিলেন আরিফুল ইসলাম। শতভাগ সাফল্যের এই রেকর্ড এবার আর ধরে রাখতে পারলেন না বিকেএসপির এই সাঁতারু। কাল ১০০ মিটার বাটারফ্লাইয়ে তাঁকে হারিয়েছেন বিকেএসপিরই সতীর্থ টিটু মিয়া।
এই একটি ইভেন্টেই ব্যতিক্রম। নইলে কাল বাকি ৪টি ইভেন্টেই সোনা জিতেছেন আরিফুল, দুটিতে (২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও ব্যাক স্ট্রোক) গড়েছেন নতুন জাতীয় রেকর্ডও। প্রথম দুই দিনে ৯টি সোনা ও ১টি রুপা জিতে প্রতিযোগিতার সেরা সাঁতারুও এখন পর্যন্ত তিনিই। কাল রেকর্ড হয়েছে আরও ৩টি। তিনটিই বালিকা বিভাগে—৫০ মিটার ফ্রি-স্টাইলে বিকেএসপির রুপা খাতুন (১০ বছর), ২০০ মিটার বাটারফ্লাইয়ে আনসারের মিতু আক্তার (১৫-১৭) ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির সোনিয়া খাতুন (১৮-২০)।
জাতীয় বয়সভিত্তিক সাঁতারে বরাবরই বিকেএসপির জয়জয়কার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রথম দুই দিনে অনুষ্ঠিত ৭০টি ইভেন্টের ৪৯টিতেই সোনা জিতেছে বিকেএসপির সাঁতারুরা।