এবার হারল সেই নিউজিল্যান্ডই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব পরিস্থিতিতেই জিততে না পারলে আর কিসের ভালো দল? আমরা পরে ব্যাট করেও জিততে চাই’—ডাম্বুলায় টস হারা মানে ম্যাচ অর্ধেক হেরে যাওয়া, সাম্প্রতিক ইতিহাসটা জানার পরও টস হারা কুমার সাঙ্গাকারার কণ্ঠ ছিল আত্মপ্রত্যয়ী। অধিনায়কের প্রত্যয়ের ছাপ দেখা গেল দলের পারফরম্যান্সেও। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়া নিউজিল্যান্ডকে কাল পরে ব্যাট করেই হারিয়ে দিল শ্রীলঙ্কা। ৩ উইকেটের জয় শুনলে যেমন মনে হয়, তেমন হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়নি। বোনাস পয়েন্টের পেছনে ছুটে শেষ দিকে শ্রীলঙ্কা দ্রুত কিছু উইকেট হারিয়েছে বলেই জয়টা এই ব্যবধানে। কিউই অধিনায়ক রস টেলরই যেমন বললেন, ‘ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।’সেই বোনাস পয়েন্টটা অবশ্য পাওয়া হয়নি ৫ বলের জন্য। তবে শ্রীলঙ্কার জয় টুর্নামেন্টের দলগুলোকে এই সাহস জোগাবে, ভালো খেললে ডাম্বুলার ফ্লাড লাইটেও ম্যাচ জেতা যায়। তবে এ জন্য সবচেয়ে জরুরি, প্রতিপক্ষের স্কোরটাকে নাগালের মধ্যে রাখা। কিউইদের দুই শর ভেতর আটকে সেই কাজটা ঠিকভাবেই করেছিলেন শ্রীলঙ্কান বোলাররা।প্রথম ওভারেই মার্টিন গাপটিলকে পয়েন্টে কাপুগেদারার ক্যাচ বানিয়ে ওয়ানডেতে উইকেটের ‘সেঞ্চুরি’ পূর্ণ করেন লাসিথ মালিঙ্গা। অভিষিক্ত ব্রাডলি-জন ওয়াটলিংকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক রস টেলর। তবে অ্যাঞ্জেলো ম্যাথুসের এক ওভারে টেলরের সঙ্গে কেন উইলিয়ামসনকেও হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। ২০ বছর বয়সী উইলিয়ামসনকে নিয়ে কিউইদের প্রত্যাশা আকাশসমান, তাঁকে বলা হচ্ছে নিউজিল্যান্ডের ভবিষ্যৎ। তবে দুই ম্যাচ খেলে এখনো রানের খাতাটাই খুলতে পারলেন না ‘মি. ভবিষ্যৎ’।আগের ম্যাচের মতো কালও নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জুটিটা হলো চতুর্থ উইকেটে। কিন্তু আগেরটা ছিল ১৯০ রানের, কালকেরটা ৫২ রানের। চোটের কারণে জ্যাকব ওরাম না থাকায় ও গ্রান্ট এলিয়টকে বাদ দেওয়ায় কাল নিউজিল্যান্ডের লেজটা বেরিয়ে পড়ে আগেভাগেই। তবে ১২৩ রানে ৭ উইকেট হারানো কিউইদের লড়ার মতো স্কোর এনে দিয়েছে ওই ‘লেজ’ই। শেষ তিন জুটিতে এসেছে ৬৯ রান। ডাম্বুলার ফ্লাডলাইটে ১৯৩ রানও খুব সহজ লক্ষ্য নয়। শুরুতেই দিলশানকে তুলে নিয়ে নিউজিল্যান্ড কাজটা কঠিন করে দেয় আরও। তবে দারুণ সব শট খেলে চাপটা সরিয়ে দেন উপুল থারাঙ্গা ও সাঙ্গাকারা। দ্বিতীয় ৮৫ উইকেটে রানের জুটি গড়ে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত করে দেন দুজন। স্টাইরিসের বলে শর্ট কাভারে গাপটিলের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে প্রাপ্য হাফ সেঞ্চুরিটা পাওয়া হয়নি সাঙ্গাকারার। বোনাস পয়েন্টের জন্য মারমুখী হতে গিয়ে বেশ কয়েকটি উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে আস্থার সঙ্গে খেলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন সামারাবীরা।পার্থক্য‘এ’ দলের হয়ে ওয়ানডেতে ৫৭-এর বেশি গড় নিয়ে জাতীয় দলে ঢুকেছেন কেন উইলিয়ামসন। অথচ প্রথম দুটি আন্তর্জাতিক ওয়ানডেতেই আউট হলেন ০ করে।