এবার হাসলেন মারে

ইতিহাসের দায় মেটালেন অ্যান্ডি মারে। কাঁধ থেকে ঝেরে ফেললেন ৭৭ বছরের যন্ত্রণা। কাল পুরুষ এককের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে ১৯৩৬ সালের পর প্রথম ব্রিটিশ পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন মারে। ফ্রেড পেরির উত্তরসূরি কে হবেন, ৭৭ বছর ধরেই হয়ে আসা প্রশ্নটার উত্তরও পেয়ে গেল ব্রিটেনবাসী মারের সাফল্যে।
ইতিহাসকে নাড়া দেওয়া জয়। মারের জয়টাও এল যত দূর সম্ভব নাটকীয়ভাবেই। তৃতীয় ও শেষ সেটে চ্যাম্পিয়নশিপ পয়েন্টের জন্য চার চারবার লড়তে হলো ২৬ বছর বয়সী এই স্কটকে। মাথার ওপরে প্রত্যাশার প্রচণ্ড চাপ, মারে কিন্তু ম্যাচটা জিতে নিলেন তিন সেটের এক সহজ লড়াই লড়েই। মারেজ্বরে এমনিতেই তপ্ত হয়ে ছিল পুরো যুক্তরাজ্য, আবহাওয়াটাও বাদ থাকবে কেন? অল ইংল্যান্ড ক্লাবের থার্মোমিটারের পারদটাও চড়চড় করে চড়ে গেল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আর এই অস্বস্তিকর আবহাওয়াতেই যেন খেই হারিয়ে ফেললেন দুই খেলোয়াড়। মহাকাব্যিক এক লড়াইয়ের প্রতিশ্রুতি দেওয়া ম্যাচটাই হয়ে গেল সোয়া তিন ঘণ্টার একতরফা এক লড়াই।
তবে তাতে বয়েই গেছে ব্রিটিশদের! তারা তো দেখতে চেয়েছে মারের জয়। সাক্ষী হতে চেয়েছে এমন এক গল্পের, যেটা তারা এত দিন শুনে এসেছে বাবা-মা অথবা দাদি-নানির কাছ থেকে। পুরো ব্রিটেনই যেন কাল ভেঙে পড়েছিল উইম্বলডনে। সেন্টার কোর্টের গ্যালারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন থেকে শুরু করে রাজপরিবারের সদস্য, ক্রীড়া তারকা, বিনোদন জগতের রথী-মহারথী—কে উপস্থিত ছিলেন না! অবশ্য এঁরা তো গত বছরও ইতিহাসের সাক্ষী হতে এসে পুড়েছিলেন আশাভঙ্গের বেদনায়। কিন্তু এবার সবাই ফিরলেন এমন এক অনুভূতি নিয়ে, যেটা তাঁরা সর্বশেষ পেয়েছিলেন সেই ১৯৭৭ সালে, ভার্জিনিয়া ওয়েড যেবার শেষ ব্রিটিশ হিসেবে জিতেছিলেন উইম্বলডনের মেয়েদের এককটা।
প্রথম সেটে ৬-৪ গেমে সহজ জয়। দ্বিতীয় সেটে ১-৪-এ পিছিয়ে পড়েও ৭-৫ গেমে জয়। এরপর শেষ সেটে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিয়ে শেষের ওই নাটক। মারেরও যেন বিশ্বাস হচ্ছিল না কী হচ্ছে, ‘সম্ভবত আজই কয়েকটা পয়েন্টের জন্য জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা করলাম। আমি জানি না শেষ তিনটা পয়েন্ট কীভাবে পেলাম।’
উইম্বলডনের শৈল্পিক চ্যালেঞ্জ ট্রফিটা মাথার ওপরে তুলে ধরার স্বপ্নটা পূরণ হওয়ার পর পুরো ব্রিটেনের অনুভূতিটাই যেন প্রতিধ্বনিত হলো মারের কণ্ঠে, ‘আমি জানি, উইম্বলডনে ব্রিটিশ চ্যাম্পিয়ন দেখার জন্য সবাই কেমন মুখিয়ে ছিল। আশা করছি প্রত্যেকেই এটা উপভোগ করেছে।’ এএফপি, রয়টার্স।