
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ভদ্রলোকের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। শেখ রাসেল ক্রীড়া চক্রের নতুন কোচ দ্রাগান দুকানোভিচকে দেখে সহজেই বোঝা গেল, হেরে কতখানি হতাশ এই মন্টেনেগ্রিয়ান। চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিতে লিগের মাঝপথে বাংলাদেশে এসেছেন। কিন্তু সেই চ্যাম্পিয়ন দলটা যে এমন ‘জরাজীর্ণ’, তা কে জানত! অভিষেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করার পর কাল ব্রাদার্সের কাছে ০-১ গোলে হেরেই গেল তারা।
ট্রেবলজয়ী কোচ মারুফুল হককে বরখাস্ত করে ক্লাব কর্মকর্তারা চেয়েছিলেন দলের ভাগ্য বদলাতে। কিন্তু নতুন কোচ আসার পরও ভাগ্য বদল হলো না। হতাশ দুকানোভিচ অবশ্য কালকের হারের কোনো অজুহাত না খুঁজে প্রশ্ন তুললেন দল গঠন নিয়েই, ‘ছেলেদের খেলা দেখে আমি হতাশ। তবু দলটাকে নিয়ে গত ম্যাচের চেয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি। আসলে মৌসুমের শুরুতেই দল গঠনে ভুল ছিল। দলে কোনো স্ট্রাইকার নেই। এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা আমাদের। ম্যাচ জিততে হলে বেশি বেশি গোল করতে হবে।’ আগামী মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় প্রেসিডেন্টস কাপ খেলতে যাবে শেখ রাসেল। এই দল নিয়ে সেখানেও ভালো কিছু করার সম্ভাবনা কমই দেখছেন কোচ, ‘কাজটা প্রেসিডেন্টস কাপে আমার জন্য আরও বেশি কঠিন হবে।’|
প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বেই যেন বেশি উজ্জ্বল ব্রাদার্স। প্রথম পর্ব শেষে সপ্তমে থাকা দলটি দ্বিতীয় পর্ব শুরু করেছিল শিরোপাপ্রত্যাশী আবাহনীকে হারিয়ে। শেখ জামালের সঙ্গেও লড়াই করে হার, কাল ম্যাচের বেশির ভাগ সময়ই বল ছিল ব্রাদার্সের দখলে। বেশ কয়েকটি আক্রমণের পর ৪৫ মিনিটে কেস্টারের গোলে এগিয়ে যায় কমলা দল। বক্সের বাইরে থেকে সিমনের ক্রস, অরক্ষিত কেস্টারের আলতো টোকায় বল জালে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছে রাসেল, কিন্তু ব্রাদার্স কোচ নঈমুদ্দিনের অতিরক্ষণাত্মক কৌশলের কাছে হার মানতে হয়েছে তাদের। ব্রাদার্সের এই জয়েও পয়েন্ট তালিকায় অবস্থানের কোনো হেরফের হয়নি কারও, ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয়েই ব্রাদার্স। ১৬ পয়েন্ট নিয়ে রাসেল পঞ্চমে।
বরখাস্ত হয়েও খেলা দেখতে কাল গ্যালারিতে আসেন মারুফুল হক। ম্যাচ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না। তবে খুশি মনে যে ফেরেননি, সেটা কেউ না বলে দিলেও চলছে।
আজকের খেলা
শেখ জামাল-ফেনী সকার
(বিকেল ৫-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)