এবার ২০০ মিটারের সোনায় দৃষ্টি বোল্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের শ্রেষ্ঠত্বটা বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন উসাইন বোল্ট। নতুন বিশ্বরেকর্ড গড়ে টানা দুটি অলিম্পিকে জিতে নিয়েছেন ১০০ মিটার দৌড়ের সোনা। এবার জ্যামাইকান এই অ্যাথলেটের দৃষ্টি ২০০ মিটার দৌড়ের সোনাটির দিকে। গত বেইজিং অলিম্পিকেও তিনি জিতেছিলেন এই ইভেন্টের স্বর্ণপদক। আর এবার কাঙ্ক্ষিত সাফল্যটা পেলেই জীবন্ত কিংবদন্তির স্বীকৃতিটাকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন বিশ্বের দ্রুততম এই মানব। আজ রাত ১টা ৫৫ মিনিটে ২০০ মিটার দৌড়ে টানা দ্বিতীয় সোনা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছেন বোল্ট।তবে প্রতিযোগিতাটা মোটেও সহজ হবে না বোল্টের জন্য। ১০০ মিটারের মতো এখানেও তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী আরেক জ্যামাইকান অ্যাথলেট বন্ধু ইয়োহান ব্লেক। অলিম্পিক শুরুর আগে প্রস্তুতিপর্বে ১০০ ও ২০০ মিটার দুই ইভেন্টেই বোল্টকে হারের স্বাদ দিয়েছিলেন ব্লেক। মূল আসরেও তাঁর ওপর দৃষ্টি ছিল অনেকের। তবে ১০০ মিটার দৌড়ে বোল্টের চেয়ে পেছনেই থাকতে হয়েছে ব্লেককে। তাই এবার ২০০ মিটারের ইভেন্টে নিশ্চিতভাবেই বোল্টকে পেছনে ফেলতে চাইবেন তিনি।২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলে, তিনটি ইভেন্টেই সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। ২০০ মিটার দৌড় তিনি শেষ করেছিলেন মাত্র ১৯.১৯ সেকেন্ডে। এবার শুধু সোনাই না, হয়তো নতুন কোনো রেকর্ডও গড়ে ফেলতে পারেন বোল্ট। সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি তিনি। বলেছেন, ‘নিশ্চিতভাবেই এ রকম কিছু ঘটার সম্ভাবনা আছে। আমি এখনই বলতে পারব না। তবে আশা করছি ইভেন্টটা খুবই ভালো হবে।’— ওয়েবসাইট