এবার ৪৮ ঘণ্টা সাঁতার!

বয়স তাঁর ৬৪। তবে বয়স যে কোনো বাধা নয়, তা প্রমাণ করে চলেছেন ডায়ানা নিয়াদ। গত মাসে কিউবা থেকে ১৭৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সাঁতরে পৌঁছেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। টানা ৫৩ ঘণ্টার সাঁতারে হাঙরের আক্রমণ থেকে বাঁচতে কোনো ধরনের খাঁচাও ব্যবহার করেননি দুঃসাহসী এই মার্কিন নারী। আবারও ৪৮ ঘণ্টা সাঁতরালেন নিয়াদ। তবে এবারের সাঁতারটা আগের মতো ভয়ংকর ছিল না। সাঁতরেছেন নিউইয়র্ক হেরাল্ড স্কয়ারের একটি সুইমিং পুলে।
কিউবা থেকে ফ্লোরিডা পর্যন্ত সাঁতরে যাওয়াটা ছিল নিয়াদের জন্য চ্যালেঞ্জের। এর আগে একই জলপথ পাড়ি দিতে ১৯৭৮, ২০১১ ও ২০১২ সালে চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। তবে তিনি যে হারার পাত্রী নন, গত মাসে সেটা প্রমাণ করে ছাড়েন নিয়াদ।
এবারের সাঁতারের উদ্দেশ্যটা অবশ্য ভিন্ন ছিল। গত বছর ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে নিউইয়র্ক ও নিউজার্সিতে গৃহহারা ২৫ হাজার লোকের জন্য অর্থ জোগাড় করা। চ্যারিটি সাঁতারে ১২০ ফুট দৈর্ঘ্যের দুই লেনবিশিষ্ট পুলে সোম ও মঙ্গলবার টানা সাঁতরান নিয়াদ। ঘূর্ণিদুর্গত মানুষের জন্য দুই দিন সাঁতরানোর পর মার্কিন এই দুঃসাহসী নারীর প্রতিক্রিয়া, ‘কিউবায় সাঁতার কাটা ছিল মানসিকভাবে প্রচণ্ড চাপের। জেদের বশে রেকর্ড গড়ার উদ্দেশ্য ছিল। তবে এবারের প্রেক্ষাপট আলাদা। আমার দেশের মানুষের জন্য আমি সাঁতরেছি।’ সূত্র: রয়টার্স।