এবার ৯ উইকেটে জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলার পথে সুরেশ রায়না।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলার পথে সুরেশ রায়না।

সিরিজ জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পথেও একধাপ এগিয়ে গেল সফরকারী ভারত। প্রথম তিনটি ম্যাচে জয়ের পর আজ চতুর্থ ওয়ানডেতেও বিরাট কোহলির দল পেয়েছে ৯ উইকেটের বড় জয়। ১৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ভারত।

জিম্বাবুয়েকে মাত্র ১৪৪ রানে গুটিয়ে দিয়ে জয়ের কাজটা ভারত প্রায় নিশ্চিত করে ফেলেছিল বল হাতেই। এরপর যেন শুধু আনুষ্ঠানিকতাটাই পালন করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। রোহিত শর্মা ৬৪ ও সুরেশ রায়না ৬৫ রানের ইনিংস খেলে সহজ জয় এনে দিলেন দলকে। দুজনেই মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে। জিম্বাবুয়ের সাফল্য বলতে শুধু চেতেশ্বর পূজারার উইকেটটাই। দশম ওভারে তাঁকে সাজঘরে ফিরিয়েছিলেন টেন্ডাই চাতারা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ১৬ ওভারে মাত্র ৪৭ রান জমা করতেই হারায় পাঁচটি উইকেট। একে একে ফিরে যান সিকান্দার রাজা (৭), হ্যামিলটন মাসাকাদজা (১০), টেলর (০), শেন উইলিয়ামস (০) ও ভুসি সিবান্দা (২৪)। ষষ্ঠ উইকেটে বেশ ভালোই প্রতিরোধ গড়েছিলেন ম্যালকম ওয়ালার ও চিগুম্বুরা। তাঁদের এই জুটি থেকেই এসেছে ৮০ রান। ৩৭তম ওভারে অভিষিক্ত মোহিত শর্মা ওয়ালারকে আউট করার পর আর দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ৬ উইকেটে ১২৭ থেকে পরবর্তী ৭ ওভারের মধ্যেই জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ১৪৪ রানে। ভারতের পক্ষে মাত্র ২৫ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন অমিত মিশ্র। দুটি করে উইকেট গেছে অভিষিক্ত মোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে।

৩ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ভারত।