এবার ৯৭ রানে শেষ ক্রিকেট কোচিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের সঙ্গে পারফরম্যান্সের মিলটা বেশ ভালোভাবেই রাখছেন ক্রিকেট কোচিং স্কুলের খেলোয়াড়েরা। দল তো নয়, যেন নবিশ খেলোয়াড়দের নিয়ে গড়া কোচিং স্কুলই! প্রথম ম্যাচে তারা আবাহনীর বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ৩৫ রানে। শেখ জামালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৪৭ রান করে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে আবারও হোঁচট খেলেছে দলটি। প্রাইম ব্যাংকের বিপক্ষে আজকের ম্যাচে তাদের ইনিংস শেষ হয়েছে ৯৭ রানে। একতরফা ম্যাচটি ১৫২ রানের বড় ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক।

পুরোপুরিই ভিন্ন আমেজ ছিল কলাবাগান ক্রীড়াচক্র ও গাজী ট্যাংকের ম্যাচে। উত্তেজনাপূর্ণ ম্যাচে নাইম ইসলামের কলাবাগানকে ৮ রানে হারিয়েছে মাহমুদউল্লাহর গাজী ট্যাংক। দুই শ্রীলঙ্কান জীবন মুবারক (৬৫) ও কাপুগেদারা চামারার (৬০) ব্যাটের দিকে তাকিয়েই জয়ের আশা জেগেছিল কলাবাগান শিবিরে। কিন্তু জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই কলাবাগান ক্রীড়াচক্রের ইনিংস শেষ হয়েছে ২৩৬ রানে। এর আগে অধিনায়ক মাহমুদউল্লাহ ও তারিক উসমানের দুইটি ৫০ রানের ইনিংসে ভর করে ২৪৪ রান সংগ্রহ করেছিল গাজী ট্যাংক।

প্রিমিয়ার ডিভিশনের অপর ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ৮২ রানের ম্যাচজেতানো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নাজমুস সাদাত। প্রথম দুই ম্যাচের দুই সেঞ্চুরিয়ান নাফিস ও তামিম ইকবালের ব্যাট আজ ঝলসে উঠতে পারেনি। তামিম ১৯ ও নাফিস ২১ রান করে আউট হয়েছেন। তবে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের ৫৬ ও সাদাতের ৮২ রানের ইনিংস দুইটিতে ভর করে সহজেই জয়ের লক্ষ্য ২১৪ রান সংগ্রহ করতে পেরেছে ব্রাদার্স। এর আগে বল হাতেও মাত্র ২৯ রানের বিনিময়ে দুটি উইকেট শিকার করেছেন ম্যাথুস। ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংসটি এসেছে জুবায়ের আহমেদের ব্যাট থেকে। ৩৫ রান করেছেন অধিনায়ক নাসির হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৪৯/৮ (ব্রেন্ডন টেলর ৮৬, তৈয়বুর পারভেজ ২২*; বিশ্বজিত্ হালদার ৩/৪৩)

ক্রিকেট কোচিং: ৩৬.৩ ওভারে ৯৭/১০ (আসিফ আহমেদ ২৭, অমিত মজুমদার ২৪; জীবন মেন্ডিস ৪/৩১, এনামুল হক জুনিয়র ২/১৪)

ফল: প্রাইম ব্যাংক ১৫২ রানে জয়ী

গাজী ট্যাংক: ৫০ ওভারে ২৪৪/৮ (তারিক উসমান ৫০, মাহমুদউল্লাহ ৫০, রকিবুল হাসান ৩৯, ইমরুল কায়েস ২১; নাইম ইসলাম ৩/৫৪)

কলাবাগান ক্রীড়াচক্র: ২৩৬/১০ (জীবন মুবারক ৬৫, কাপুগেদারা চামারা ৬০; রুবেল হোসেন ২/৫১, আরাফাত সানি ২/৪৫, মাহমুদউল্লাহ ২/১৩)

ফল: গাজী ট্যাংক ৮ রানে জয়ী

ভিক্টোরিয়া স্পোটিং: ৫০ ওভারে ২১৩/৯ (জুবায়ের আহমেদ ৫০, নাসির হোসেন ৩৫, মোহাম্মদ শরিফ ৩৩; আজহার মেহমুদ ২/৩২, অ্যাঞ্জেলো ম্যাথুস ২/২৯)

ব্রাদার্স ইউনিয়ন: ৪৩.৫ ওভারে ২১৪/৪ (নাজমুস সাদাত ৮২*, অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৬*)

ফল: ব্রাদার্স ৬ উইকেটে জয়ী