এবার ‘ইংলিশ যুগ’ চান কুক
ক্রিকেটের আবিষ্কর্তা তারা। ক্রিকেটের আইন-কানুন তাদেরই বানিয়ে দেওয়া। এমনকি এই যে হাল আমলের দিগ্বিজয়ী টি-টোয়েন্টি ক্রিকেট, সেটাও তাদেরই মস্তিষ্কপ্রসূত। কিন্তু সেই ইংলিশরা সেই অর্থে দীর্ঘ সময় ধরে কখনোই ক্রিকেট-বিশ্বে ছড়ি ঘোরাতে পারেনি। অ্যালিস্টার কুকের আশা, ইউনিয়ন জ্যাকের সুদিন আবার ফিরিয়ে আনবে ক্রিকেটই! কিছুদিন ধরেই ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইংলিশরা এবার পাখির চোখ করেছে আগামী বিশ্বকাপকে। এই ট্রফিটাও যে ইংলিশদের হাতে ধরা দেয়নি এখনো।টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়নস ট্রফি কিংবা বিশ্বকাপ কোনোটাই জেতেনি ইংল্যান্ড। এবারের চ্যাম্পিয়নস ট্রফিটি হবে তাদের মাটিতে। এটিকেই বিশ্বকাপের মহড়া ভাবছেন ইংলিশ অধিনায়ক, ‘আমরা আইসিসির ৫০ ওভারের কোনো টুর্নামেন্ট জিতিনি। অবশ্যই এটা তাই আমাদের অগ্রাধিকার। এই টুর্নামেন্ট (চ্যাম্পিয়নস ট্রফি) আমরা আমাদের নিজেদের মাঠে খেলব। আশা করি, এর সর্বোচ্চ সুবিধা নিতে পারব। এর পর দুই বছরের মধ্যে আসছে বিশ্বকাপ, যেটাও আমাদের জেতা হয়নি। দুটো বড় টুর্নামেন্ট আসছে। আমাদের অবশ্যই একটা যোগ্য দল আছে। উন্নতি ধরে রাখতে পারলে দুটি টুর্নামেন্টই আমরা জিততে পারি।’৬ জুন শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই গত সফরে খানিকটা হোঁচট খেয়ে এসেছে কুকের দল। সেই ধাক্কার স্মৃতি দ্রুত ভুলে যেতে চান কুক, ‘আমরা জানতামই এটা কত কঠিন হবে। নিউজিল্যান্ডের অনেক উদীয়মান খেলোয়াড় আছে যারা ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠবে। তবে মোদ্দা কথাটা হলো, আমরা আমাদের মতো খেলতে পারিনি। আর এটা আপনি যদি যেকোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে করেন, জয় আপনার প্রাপ্য নয়।’ইংলিশদের সামনে ব্যস্ত সূচি। এবারের অ্যাশেজ হবে পর পর দুটি। ভারতের কাছে ৪-০ তে ধবলধোলাই হওয়া অস্ট্রেলিয়া অ্যাশেজ খেলতে প্রথমে আসবে ইংল্যান্ডে, এর পর ইংল্যান্ড যাবে অস্ট্রেলিয়ায়। এর জন্যও দলকে প্রস্তুত থাকতে বললেন কুক। এএফপি।