ঠিক আগের ম্যাচে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষেও করেছিলেন সেঞ্চুরি। অধিনায়কের অপরাজিত ১২৫ রানে ৩১২ রান করেও হেরেছিল দক্ষিণ আফ্রিকা। কাল আবারও সেঞ্চুরি করে অপরাজিত রইলেন আব্রাহাম ডি ভিলিয়ার্স। এবার হারেনি দক্ষিণ আফ্রিকা। ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০-তে এগিয়ে গেল সফরকারীরা।কাল আক্ষরিক অর্থেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডি ভিলিয়ার্স। লক্ষ্য ছিল ২৫৪ রানের। কিন্তু ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকেই প্রথমে জেপি ডুমিনির সঙ্গে ৯০ ও পরে ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে অপরাজিত ১২৯ রানের জুটি। তিন চার ও চার ছয়ে ১০৬ বলে ১০৬ রান করে দলকে জিতিয়ে যখন সাজঘরে ফিরছেন অধিনায়ক, তখনো হাতে ২৮ বল। নয় চার ও এক ছয়ে ডু প্লেসিস করেছেন ৪৯ বলে ৬৬।৩১তম ওভারের প্রথম বলে ডুমিনি যখন আউট হলেন, ম্যাচে ছিল দুই দলই। কিন্তু ডি ভিলিয়ার্স ৫০ পেরোতেই ম্যাচের মোড় ঘুরে যায়। প্রথম ৫০ করতে ৬৫ বল খেললেও ১৩তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছাতে এরপর আর মাত্র ৩৬ বল লেগেছে ভিলিয়ার্সের।তিন-তিনবার রিভিউ চেয়ে বেঁচে গিয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও (৫৬)। এর সঙ্গে কেন উইলিয়ামসনের ৫৫ রানে ৯ উইকেটে ২৫৩ রান করে স্বাগতিকেরা। তৃতীয় উইকেটে ইনিংসের সবচেয়ে বড় জুটিটা (৭৯) গড়েছেন এই দুজনই। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় স্কোরটা আরও বড় হতে পারেনি। বল হাতে নেওয়া দক্ষিণ আফ্রিকার ছয় বোলারের পাঁচজনই পেয়েছেন উইকেট। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫৩/৯ (নিকোল ৩০, গাপটিল ৭, ব্রেন্ডন ৫৬, উইলিয়ামসন ৫৫, রাইডার ৬, ফ্র্যাঙ্কলিন ৩২, এলিস ২০, নাথান ১৫, ব্রেসওয়েল ০, মিলস ৪*, সাউদি ৪*; সতসোবে ২/৪১, মরকেল ২/৪৯, স্টেইন ১/৩৭, পিটারসন ২/৪৫, ডুমিনি ০/২২, ক্যালিস ২/৪৫)। দক্ষিণ আফ্রিকা: ৪৫.২ ওভারে ২৫৪/৪ (আমলা ৮, স্মিথ ৯, ক্যালিস ১৩, ডুমিনি ৪৬, ডি ভিলিয়ার্স ১০৬*, ডু প্লেসিস ৬৬*; মিলস ১/২৭, সাউদি ১/৬৪, ব্রেসওয়েল ১/৬১, নাথান ০/২৫, নিকোল ১/৪৩, এলিস ০/২৬, ফ্র্যাঙ্কলিন ০/৫, উইলিয়ামসন ০/২)।ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স।